২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আহসান উল্যাহ মাস্টার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

রাজধানীর বাড্ডা এলাকা থেকে র‌্যাব সদস্যরা আওয়ামী লীগ সাংসদ আহসান উল্যাহ মাস্টার হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

বৃহস্পতিবার র‌্যাব এ তথ্য জানায়।

গ্রেপ্তারকৃত আসামির নাম আবু সালাম ওরফে সালাম (২২)। সে গাজীপুর জেলার টঙ্গী থানার গোপালপুরের গণি মিয়ার ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম বুধবার রাতে কুড়িল বিশ্বরোড়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে সালামকে গ্রেপ্তার করে।

এ বছরের ২২ এপ্রিল ঢাকার একটি আদালত আহসান উল্লাহ হত্যা মামলায় সালামসহ ২২ আসামিকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

গত বছরের ৭ মে নিজের বাড়ির নিকট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে বক্তৃতাকালে বন্দুকধারিরা এলোপাতাড়ি গুলি চালিয়ে জনপ্রিয় আওয়ামী লীগ নেতা এবং গাজীপুর ২ আসন থেকে দুইবার নির্বাচিত সংসদ সদস্য আসহান উল্যাহ মাস্টারকে হত্যা করে। বন্দুকধারিদের গুলিতে এ সময় রতন নামে এক স্কুলছাত্রও নিহত হয়।

এ ঘটনায় ৮ মে আহসান উল্যাহ মাস্টারের ভাই মতিউর রহমান ১৭ জনের বিরুদ্ধে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নুরুল ইসলাম সরকারকে মুল পরিকল্পনাকারি হিসেবে চিহ্নিত করা হয়।

মামলায় সিআইডি ৬০ দিনে তাদের তদন্ত শেষ করেন।

সিআডি’র সহকারি সুপারিনটেনডেন্ট খালেকুজ্জামান গত বছরের জুলাইয়ের ১০ তারিখে নুরুল ইসলাম ও আরও ২৯ জনের নামে চার্জশিট গঠন করেন।