২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আটক ২৫ রোহিঙ্গা জঙ্গির ৮ জনকে আবার রিমান্ডে আনা হয়েছে

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে আটক ২৫ জন রোহিঙ্গার আটজনকে আবারও পাঁচদিনের রিমান্ডে নেয়া হয়েছে এবং অপর ১৭ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 07:32 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

নগরীর কোতয়ালী থানাধীন জুবলী রোডে আজিজ চেম্বারের ৪র্থ তলায় এক ইফতার পার্টি থেকে শুক্রবার গ্রেপ্তারের পর এই ২৫ জনকে প্রথম দফায় দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছিল।

এ রিমান্ড শেষে সোমবার গ্রেপ্তারকৃতদের চট্টগ্রাম মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আকরাম হোসেনের আদালতে হাজির করা হয়।

গোয়েন্দা পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত হাজী আবুল কালাম, আবু তাহের, মোহাম্মদ ইসহাক, সাইফুল ইসলাম, মোহাম্মদ ওসমান, নুরুল ইসলাম, আশরাফ আলম ও নুর মোহাম্মদকে পাঁচ দিনের রিমান্ড দেয়।

এদের মধ্যে হাজী আবুল কালাম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালক বলে পুলিশ জানায়।

গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোশারফ হোসেন মিয়াজী বিডিনিউজকে জানিয়েছেন, এর আগের দুই দিনের রিমান্ডে গ্রেফতারকৃতরা দেশে জঙ্গিবাদের উত্থান ও বিস্তার নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে।

আরও জিজ্ঞাসাবাদের জন্যে গ্রেফতারকৃতদের মধ্যে গুরুত্বপূর্ণ আটজনকে পুনরায় রিমান্ডে আনা হয়েছে।