মিডিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বিএনপি নেতৃবৃন্দ
ক্ষমতাসীন বিএনপির বেশ কয়েকজন উচ্চপদস্থ মন্ত্রী বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করায় গনমাধ্যমকে দায়ী করেছেন।
গনমাধ্যমগুলোর সমালোচনা করে তারা বলেন, মিডিয়া ইতিবাচক সংবাদ প্রকাশের পরিবর্তে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করায় দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
এ ব্যাপারে অর্থমন্ত্রী সাইফুর রহমান বলেন, মিডিয়ার সরকারের একেবারেই ইতিবাচক সংবাদ পরিবেশন করে না। সংবাদের বস্তুনিষ্ঠতাকে পাশে সরিয়ে রেখে তারা উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ নিয়ে মাতামাতি করছে। অবস্থা দেখে মনে হচ্ছে, দেশ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ নির্বাসন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ভবনে শনিবার বিএনপির দু’দিনব্যাপী প্রাক নির্বাচনী আলোচনা ও ইফতার পার্টির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি পত্রিকার পাতায় নেতিবাচক শিরোনাম দেখে দলীয় কর্মীদের নিরাশ না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দাতাসংস্থা বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেছে।
অর্থমন্ত্রীর সঙ্গে সুর মিলিয়ে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, এটি নতুন কোনও ব্যাপার নয়। গত ১৫ বছর ধরেই মিডিয়া আমাদের বিরুদ্ধে কাজ করছে। কিন্তু যারা মিথ্যা সংবাদ লেখায় ব্যস্ত তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।
তিনি বলেন, কে পত্রিকা বের করলো আর বিএনপির বিরুদ্ধে কী লিখলো, তাতে আমাদের কিছু যায় আসে না।
এর আগে সেপ্টেম্বরের ১ তারিখ মহানগর নাট্যমঞ্চে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মিডিয়াকে উদ্দেশ্য করে মান্নান ভূঁইয়া বলেছিলেন, আপনারা সব সময় আমাদের নেতিবাচক সংবাদ পরিবেশন করেন। কিন্তু সংবাদ হওয়ার মতো আমাদেরও অনেক ইতিবাচক দিক রয়েছে।
শনিবার সাইফুর রহমান মিডিয়াকে দেশের শত্রু হিসেবে চিহ্নিত করে বক্তব্য দেওয়ার সময় দলীয় কর্মীরা তাকে হাততালি দিয়ে অভিনন্দন জানান।
এছাড়া অক্টোবরের ১২ তারিখ বিএনপির এমপি জহিরুদ্দিন স্বপন দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করলে সাংবাদিকদের উচিত শিক্ষা দেবেন।
