রংপুরে মন্দির ও গীর্জায় হামলা, গ্রেপ্তার ৭
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলার পীরগাছা ও বদরগঞ্জ উপজেলায় মন্দির ও গীর্জায় হামলা ও ভাংচুরের ঘটনায় পাঁচজন আহত হয়েছে এবং পুলিশ মোট সাত জনকে গ্রেপ্তার করেছে।
সূত্র জানায়, পীরগাছা উপজেলার কান্দি মাঝিটারীতে শনিবার দুধ কেনা সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় বিএনপির একদল উচ্ছৃংখল কর্মী হরিবাসর মন্দির ও স্থানীয় দুই পরিবারের দু’টি ঘরে আগুন লাগিয়ে দেয় এবং মন্দির ভাংচুর করে।
এসময় বেজবালা, বিরবল, তরুবালা, শধুচন্দ্রদাস ও মিনতি নামে পাঁচজন আহত হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিরবল বাদী হয়ে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করেন।
পরে পুলিশ আজাদুল, রব্বানী, নয়ন মিয়া, ইব্রাহীম, শফিকুল নামে পাঁচ জন বিএনপি কর্মীকে আটক করে।
এই ঘটনার জের ধরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং ওই পরিবারের ওপর আবারও হামলার আশঙ্কা করা হচ্ছে।
অপর ঘটনায়, শুক্রবার বদরগঞ্জ উপজেলায় খোদ্দবাগবাগ এলাকায় গ্লাস চুরির অজুহাতে স্থানীয় সন্ত্রাসী মজিবর রহমান ও বাদশার নেতৃত্বে ১০/১২ জনের একটি দল আদিবাসী জহুরুল রাউতের একটি ঘরে আগুন লাগিয়ে দেয়। এসময় ভীত সন্ত্রস্ত ৩০/৩৫ জন আদিবাসী পাশ্ববর্তী গীর্জায় আশ্রয় নিলে সন্ত্রাসী দল সাবল দিয়ে গীর্জার দেয়াল ও জানালার কাঁচ ভাংচুর করে। এক পর্যায়ে তারা ববিতা রাণী নামে এক তরুণীকে উঠিয়ে নিয়ে যেতে চাইলে স্থানীয় এলাকাবাসী তাদের প্রতিবাদ জানায় এবং মজিবরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনায় জহুরুল রাউত বাদী হয়ে একটি মামলা দায়ের করে। শনিবার পুলিশ বাদশাকে আটক করে।
