২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৭ ভারতীয় নাগরিক আটক

সিলেট কোতয়ালী থানা পুলিশ অবৈধ অনুপ্রবেশের দায়ে শনিবার রাত পৌনে ১২টায় পীরের বাজার এলাকা থেকে চার মহিলাসহ সাতজন ভারতীয় নাগরিককে আটক করেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 10:00 AM

Updated : 26 Apr 2022, 06:11 PM

আটককৃতরা হচ্ছে আপা দেবী (৩৬), নামবি দেবী (৩৫), জ্ঞানেশ্বরী দেবী (৩০), বিম শর্মা (৩৫), রীতাবলা (৩০), যাদু সিং (৩৫) এবং ইনাওছা সিং (২৮)।

আটককৃতরা জানায়, তারা ভারতের মণিপুর রাজ্যের ইম্ফল জেলার কুইয়াতং গ্রামের বাসিন্দা এবং স্থানীয় সংগীত গুরু ইবইয়ামি সিং-এর শিষ্য। তারা কমলগঞ্জের বাবু সিংহের আমন্ত্রণে দুর্গা পূজো উৎসবে গান গাওয়ার জন্য এসেছে।

তারা আরও জানায়, মণিপুর রাজ্য থেকে শিলং হয়ে তামাবিল সীমান্ত দিয়ে স্থানীয় খাসিয়াদের সহায়তায় তারা বাংলাদেশে প্রবেশ করে। সীমান্তবর্তী বাংলাদেশের গ্রামটির নাম তারা জানে না বলে জানায়।

বাংলাদেশে আসার পর বাল্লাঘাট সীমান্তে কমলগঞ্জের বানজারীগাঁও গ্রামের বাবু সিংহের ছেলে কেশর সিং তাদেরকে অভ্যর্থনা জানায়।

পরে ভানুগাছের স্থায়ী বাসিন্দা বর্তমানে আম্বরখানা মণিপুরী পাড়ার বাসিন্দা কৃষ্ণ কুমার সিংহ তাদেরকে মাইক্রোবাসে করে রাত সাড়ে নয়টার দিকে (ঢাকা মেট্রো-চ-১১-৫৪১৮) সিলেট শহর অভিমুখে রওয়ানা দেয়।

রাত পৌনে ১২টার দিকে শহরের পীরের বাজারের কাছে এসআই আবু জাহের তাদেরকে আটক করে কোতয়ালী থানায় নিয়ে আসেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বিডিনিউজকে জানান, আটককৃতরা কোন পাসপোর্ট দেখাতে পারেনি।

অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

গাড়ি চালক কৃষ্ণ কুমার ও অভ্যর্থনাকারী কেশর সিংকেও আটক করা হয়েছে।