সম্মানী বাড়ানোর দাবি জানিয়েছেন ঢাবির আবাসিক হলের প্রাধ্যক্ষরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের প্রাধ্যক্ষরা তাদের সম্মানী বাড়ানোর দাবি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় তারা এ দাবি জানান।
সভায় প্রাধ্যক্ষরা বলেন, সম্মানী হিসেবে যে টাকা দেওয়া হয়, দায়িত্ব পালনকালে তাদের ব্যয় হয় আরও বেশি। প্রাধ্যক্ষরা আরও বলেন, হাসপাতাল, থানার মতো তাদের ব্যস্ত দায়িত্ব পালন করতে হয়।
প্রাধ্যক্ষরা বর্তমানে একটি বাংলো এবং এক হাজার আট শত টাকা সম্মানী হিসেবে পেয়ে থাকেন। এছাড়া তাদের টেলিফোন বিল এবং গাড়ির তেল সরবরাহ করা হয়। গত এক বছর আগে উল্লেখিত সম্মানী নির্ধারণ করা হয়েছিল।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাধ্যক্ষদের প্রতি তাদের দাবি লিখিতভাবে পেশ করতে আহ্বান জানান।
সভায় বিভিন্ন হলের ইফতার পার্টির তারিখ নির্ধারণ করা হয়।
