জোট সরকারের ৪ বছরে যশোরের উন্নয়ন নিয়ে মতানৈক্য
যশোর জেলার উন্নয়ন নিয়ে বিশেষ করে সন্ত্রাস নিমূর্ল প্রশ্নে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে।
ক্ষমতাসীন বিএনপি’র কেন্দ্রীয় ভাইস-প্রেসিডেন্ট তরিকুল ইসলাম তার নির্বাচনী প্রচারণায় সন্ত্রাস দমন এবং যশোরের আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
আওয়ামী লীগের অভ্যন্তরেও যশোর জেলায় তেমন কোনও উন্নয়ন কাজ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। এদিক থেকে বিএনপি ক্ষমতার চার বছরে অসংখ্য উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেছে বলে ক্ষমতাসীন দল দাবি করে থাকে।
ক্ষমতাসীন চার দলীয় জোটের প্রধান শরিক বিএনপি’র যশোর নগর শাখার সভাপতি দেলোয়ার হোসেন খোকন বিডিনিউজকে জানান, বর্তমান পরিবেশ ও বন মন্ত্রী তরিকুল ইসলাম জেলার উন্নয়নের প্রতিশ্রুতি অনুযায়ী সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সক্ষম হয়েছেন।
তিনি আরও বলেন, সন্ত্রাস অধ্যুষিত যশোর অঞ্চলে এ সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে আওয়ামী লীগের নেতা ও কর্মীরা দাবি করছেন, শুধু যশোর নয়, গত চার বছরে সারাদেশে যেসব উন্নয়ন হয়েছে তার সিংহভাগই আওয়ামী লীগ আমলের।
জেলা ১৪ দলের নেতা ও আওয়ামী লীগ যশোর জেলার সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বিডিনিউজে বলেন, বর্তমান মন্ত্রী গত চার বছরে কেবল নিজের পরিবার ও দলের স্বার্থ পূরণ করেছেন।
তিনি আরও অভিযোগ করেন, উন্নয়ন বলতে গত চার বছরে বিএনপি বিশাল মন্ত্রিসভার বেতন-ভাতা বৃদ্ধি আর বিএনপি-জামাত নেতাদের কোটিপতি হতে সাহায্য করেছে।
