২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় সারা দেশে জন জীবন বিপর্যস্ত

অমাবস্যা ও লঘুচাপের প্রভাবে সারা দেশে একটানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 09:02 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

এসময় বিভিন্ন স্থানে শ’শ’ ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি গাছপালা ও রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে গৃহহীন মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

বিডিনিউজ রাজবাড়ী প্রতিনিধি জানান, প্রচণ্ড ঝড়ো হাওয়া ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার দুপুরে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরীঘাটের মধ্যে প্রায় এক ঘন্টা ফেরী চলাচল বন্ধ ছিল।

তিনটি ফেরীঘাটের মধ্যে দৌলতদিয়ায় একটি ঘাটের (৩ নং) পল্টুনের তার ছিঁড়ে ঘাট বিপর্যস্ত হয়ে পড়ে। এছাড়া প্রচণ্ড ঢেউয়ের কারণে অপর দু’টি ঘাট দিয়ে ফেরী চলাচলে বেশি সময় লাগায় দৌলতদিয়া ফেরীঘাটে প্রায় ২০০ যাত্রীবাহী বাস নদী পারাপারের জন্যে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বিডিনিউজ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জে গত দু’দিনের মুষলধারে বৃষ্টিপাতের কারণে জনজীবন অচলাবস্থা দেখা দিয়েছে। সরবরাহ কম থাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। শহরে সুষ্ঠু পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ড্রেনের নোংরা পানি উপচে পড়ে যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি করছে।

অন্যদিকে পৌর এলাকার পিটিআই বস্তি ও জিয়া নগর বস্তির কয়েক হাজার শ্রমজীবী মানুষ বৃষ্টির কারণে কর্মহীন হয়ে পড়েছে এবং মানবেতর জীবনযাপন করছে।

বিডিনিউজ নওগাঁ প্রতিনিধি জানান, জেলার বদলগাছি উপজেলায় রোববার রাত ১০টার দিকে প্রবল ঝড়বৃষ্টিতে আট ইউনিয়নের পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে প্রায় ছয়শ’ পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং পাঁচজন আহত হয়।

আহতদের মধ্যে তরুবালাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার উপজেলার ইউএনও আব্দুল বাতেন মিয়া ও পাহাড়পুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ঝড়ে ক্ষতিগ্রস্তদের পরিদর্শন করেন। অন্যদিক ডেপুটি স্পিকারের নির্দেশে ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিকভাবে এক মে.টন চাল বরাদ্দ করা হয়েছে।

বিডিনিউজ ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, জেলার হরিপুর ও রাণীশংকৈলৈ গত দু’দিনের ভারিবর্ষণে জনজীবনে অচলাবস্থা দেখা দিয়েছে। এসময় কৃষি বিভাগ ২৫০ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করেছে। জেলার পীরগঞ্জ ও সদর উপজেলার মহেশালী গ্রামের প্রায় ৭৫ একর সব্জি ক্ষেত নষ্ট হয়েছে। এছাড়া অবিরাম বর্ষণে যান চলাচলে ব্যাঘাতের পাশাপাশি দিনমজুররা কাজ না পাওয়ায় তাদের পরিবারগুলোকে একরকম না খেয়ে থাকতে হচ্ছে।