ওসি রফিককে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হাইকোর্টের নির্দেশ
হাইকোর্ট মিরপুরের কলেজ ছাত্র মমিন হত্যা মামলার প্রধান আসামি মতিঝিল থানার ওসি রফিকুল ইসলামকে আগামী চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন।
বিচারপতি শেখ রেজোয়ান আলী এবং বিচারপতি শেখ আব্দুল আউয়ালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রোববার এ নির্দেশ দেন। একই সাথে আদালত এ সময়ের মধ্যে তাকে গ্রেফতার ও হয়রানি না করার জন্যে সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন।
ওসি রফিকের দায়ের করা অন্তর্বতীকালীন জামিন আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
ঘটনার পর থেকে গত দু’সপ্তাহ পলাতক থাকার পর রোববার ওসি রফিক সশরীরে আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন।
ওসি রফিকের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভূঁইয়া আদালতকে বলেন, আবেদনকারী ব্যক্তি একজন সৎ পুলিশ কর্মকর্তা।
কিন্তু সংবাদপত্রগুলোতে তার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং এ কারণে সরকার তার ওপর চাপ প্রয়োগ করছে।
ওসি রফিক কেন নিম্ন আদালতে জামিন আবেদন করেননি, আদালত তা জানতে চাইলে অ্যাডভোকেট হাবিবুল ইসলাম বলেন, আবেদনকারী চাপের মধ্যে আছেন।
পরে তিনি আত্মসমর্পণের জন্যে আদালতের কাছে সময় চান এবং আশঙ্কা প্রকাশ করে বলেন, নিম্ন আদালত ওসি রফিকের জামিন আবেদন মঞ্জুর করবেন না।
আইনজীবীর এ আবেদনের প্রেক্ষিতে আদালত ওসি রফিককে নিম্ন আদালতে হাজির হয়ে আত্মসমর্পণের জন্যে চার সপ্তাহ সময় দেন।
আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভূঁইয়াকে সহযোগিতা করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ১৩ সেপ্টেম্বর অজ্ঞাত দৃস্কৃতকারীদের হাতে খুন হন মিরপুর কমার্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্র কামরুল ইসলাম মমিন (২২)। তিনি উত্তর ইব্রাহিমপুর এলাকার ১৫৫ নম্বর বাড়ির বাসিন্দা আব্দুর রাজ্জাকের পুত্র।
হত্যাকাণ্ডের পর মমিনের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ওসি রফিক ভাড়াটে সন্ত্রাসী দিয়ে মমিনকে খুন করিয়েছেন।
ঘটনার পরের দিন ১৪ সেপ্টেম্বর মমিনের পিতা আব্দুর রাজ্জাক বাদি হয়ে ওসি রফিকসহ ২৬ জনকে আসামি করে কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পরদিন মমিন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওসি রফিককে মতিঝিল থানা থেকে ক্লোজ করা হয় এবং রাজারবাগ পুলিশ লাইনে রিপোর্ট করতে বলা হয়।
এ ব্যাপারে সরকার পদক্ষেপ নেয়ার পর থেকে ওসি রফিক পলাতক ছিল।
এদিকে মমিনের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, লুকিয়ে থাকা স্থান থেকে ওসি রফিক তাদের হুমকি দিয়ে যাচ্ছে।
এছাড়া তারা একটি সংবাদ সম্মেলন করে বলেন, ওসি রফিককে গ্রেফতার করা না হলে তাদের জীবন বিপন্ন হতে পারে।
একই ধরনের অন্য একটি ঘটনায় আরেক পুলিশ কর্মকর্তা এখন জেল খাটছেন। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কলেজ ছাত্র শামীম রেজা রুবেলকে হত্যার দায়ে কমিশনার আকরাম হোসেন (এসি আকরাম) এখন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
