ঢাকার উত্তরায় স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার
ঢাকার উত্তরায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় এক মুদি দোকান কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে তাকে গ্রেপ্তারের কথা জানান উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন।
রুবেল মিয়া (৩০) নামের ওই যুবক উত্তরার ৯ নম্বর সেক্টরে একটি মুদি দোকানে কাজ করতেন। ধর্ষণের শিকার শিশুর বাবা সেই দোকানের মালিক।
ওসি মহসীন বলেন, দোকানের পাশেই দোকান মালিক তার পরিবার নিয়ে থাকেন। কর্মচারী হওয়ায় রুবেল সেই বাসায় যাতায়াত করতেন।
“গত ১২ জুলাই স্ত্রীকে দোকানে রেখে দোকান মালিক বিভিন্নজনের কাছে পাওনা টাকা তুলতে যান। সেসময় ওই শিশুটি বাসায় একাই ছিল। পরে রুবেল টিভি দেখার কথা বলে বাসায় গিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন।”
রাতে ওই ঘটনা শিশুটি তার মা-বাবাকে বলে দিলে রুবেল পালিয়ে যান। পরে মেয়েটির পরিবার মামলা দায়ের করলে রুবেলকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
