২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কা: ইস্ট ওয়েস্টের আরেক শিক্ষার্থীর মৃত্যু

ছুটির দিনে সহপাঠীদের সঙ্গে বেড়াতে যাওয়ার সময় বাসের ধাক্কায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত হওয়ার কয়েক ঘন্টা পর আহত আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2022, 01:27 AM

Updated : 02 Aug 2022, 11:54 AM

শুক্রবার সন্ধ্যায় আহতদের মধ্যে রাহাদ মাহমুদ (২৫) নামে ওই বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন।

শুক্রবার সকালে সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় পানাম সিটিতে বেড়াতে যাওয়ার পথে শিক্ষার্থীদের বহনকারী প্রাইভেট কার দুমড়েমুচড়ে গেলে ইস্ট ওয়েস্টের ছাত্রী সুমাইয়া মাহিমা রহমান (২২) নিহত হন।

এ ঘটনায় আহত আরও তিনজন বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ দুর্ঘটনায় আনান (২২) ও কাজী (২২) নামের আহত দুইজনের নাম জানা গেলেও অপর একজনের নাম জানা যায়নি।

ওসি নবীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাহাত একই বিশ্ববিদ্যালয়ের বিবিএ এর শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানে তার মৃত্যূ হয়।

তিনি বলেন, “দুর্ঘটনার পর পুলিশ সৌদিয়া পরিবহনের বাসটি আটক করেছে তবে চালক পালিয়ে গেছে।“

দুর্ঘটনায় আহত চারজনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ‍নিয়ে ভর্তি করানো হয়।

আহতদের মধ্যে অন্যদের সবশেষ অবস্থা জানা নেই বলে জানান ওসি।

বাসের ধাক্কায় প্রাণ গেল ইস্ট ওয়েস্টের ছাত্রীর  

তিনি জানান, সুমাইয়ার বাসা রাজধানীর ডেমরায় এবং রাহাদের বাসা রাজধানীর বাড্ডা এলাকায়।

শিক্ষার্থীরা দুটি প্রাইভেট কারে করে ১০ থেকে ১১ জন যাচ্ছিলেন নারায়ণগঞ্জের পানাম সিটি দেখতে।   

মদনপুরে পৌঁছালে তাদের গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে গাড়িতে থাকা সবাই আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাহিমাকে ‘মৃত’ ঘোষণা করেন। 

কাঁচপুর হাইওয়ে থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে।