বাসের ধাক্কায় প্রাণ গেল ইস্ট ওয়েস্টের ছাত্রীর
ছুটির দিনে সহপাঠীদের সঙ্গে পানাম সিটিতে বেড়াতে গিয়েছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী; নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় মেয়েটি এখন লাশ হয়ে শুয়ে আছে মর্গে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের মদনপুরে বাসের সঙ্গে প্রাইভের কারের ধাক্কায় মারা যান ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের মাহিমা (২২)।
তার সঙ্গে গড়িতে থাকা তিন বন্ধু রাহাদ (২৫), আনান (২২) ও কাজী (২২) এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।
আসিফ হাসপাতালে সাংবাদিকদেরকে জানান, তারা দুটি প্রাইভেটকারে করে ১০ থেকে ১১ জন যাচ্ছিলেন নারায়ণগঞ্জের পানাম সিটি দেখতে।
মদনপুরে পৌঁছালে তাদের গাড়ির সাথে একটি বাসের সংঘর্ষ হয়। তাতে গাড়িতে থাকা চারজনই আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাহিমাকে ‘মৃত’ ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “মাহিমার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অন্যদের চিকিৎসা চলছে।“
বাসটি আটকের তথ্য বা চালক গ্রেপ্তার হয়েছেন কি না সে সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
