আন্তর্জাতিক কার্ডে দেওয়া যাবে ভিসা ফি
এখন থেকে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বিভিন্ন দূতাবাসের ভিসা প্রসেসিং ফি দিতে পারবেন এজেন্টরা।
নতুন এ সিদ্ধান্তের ফলে আবেদনকারীর কাছ থেকে ফি বাবদ নেওয়া অর্থ সংশ্লিষ্ট দূতাবাস বা তাদের দেশে পাঠাতে ব্যাংকের পাশাপাশি কার্ডের মাধ্যমেও পরিশোধ করা যাবে।
বুধবার এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের একটি নির্দেশনা বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, বৈদেশিক মুদ্রা লেনদেন (ফরেইন এক্সচেঞ্জ ট্রানজেকশন) নীতিমালা মেনে দূতাবাসের অনুমোদিত ভিসা প্রসেসিং এজেন্টের নামে আন্তর্জাতিক (ডেবিট/ক্রেডিট) কার্ড ইস্যু করতে পারবে ব্যাংক।
ভিসার আবেদনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সারতে আবেদনকারীর কাছ থেকে অর্থ নেন দূতাবাসের এজেন্ট। সেই অর্থ প্রয়োজনীয় কাগজপত্রসহ ব্যাংকের মাধ্যমে দূতাবাসের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হয়।
বাংলাদেশে থাকা দূতাবাসগুলোর ক্ষেত্রে এ নিয়ে কোনো সমস্যা হয় না। সম্প্রতি একটি দেশ বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে, তারা অর্থ পরিশোধে ব্যাংকের চেয়ে অনলাইনে (কার্ডে) আগ্রহী বেশি।
ভিসা প্রসেসিং অনলাইনে করায় এ বাবদ নেওয়া ফি বাংলাদেশে গ্রহণ করবে না বলেও জানায় তারা।
এরপরই নতুন নীতিমালা করল কেন্দ্র্রীয় ব্যাংক। এর ফলে কোনো রাষ্ট্রের দূতাবাস যদি দেশে নাও থাকে তাদের পক্ষে ভিসা প্রসেসিং ফি গ্রহণ করে কার্ডের মাধ্যমে তা পাঠিয়ে দিতে পারবেন এজেন্টরা।
কার্ডের মাধ্যমে সরাসরি ওই অর্থ নিজ দেশ বা তৃতীয় কোনো দেশে থাকা দূতাবাসের ঠিকানায় চলে যাবে।
নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সব ক্ষেত্রেই ব্যাংকিং নিয়ম মেনে চলতে হবে। অর্থ পরিশোধের বেলায় প্রয়োজনীয় কাগজপত্র ব্যাংকের কাছে জমা দিতে হবে।
