কোরবানি: ঢাকার বর্জ্য সরানোর কাজ ‘শেষের পথে’
রাজধানীর বিভিন্ন স্থান থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কার্যক্রম অনেকটাই শেষ করে আনার কথা বলেছে ঢাকার দুই সিটি করপোরেশন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, রোববার রাত ৮টা পর্যন্ত সার্বিকভাবে তাদের এলাকার ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ হয়েছে।
আর ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা জানিয়েছেন, রাত ৯টা পর্যন্ত ৯০ শতাংশ আবর্জনা সরিয়ে নিয়েছেন তারা এবং রাত ১১টার মধ্যে সব বর্জ্য সরিয়ে নেওয়া যাবে বলে আশা করছেন।
ঈদের দিন বেলা ১১টার পর থেকেই মাঠে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের দেখা গেছে। দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য সরিয়ে নিতে কাজ করার কথা বলেছেন তারা।
ঢাকা উত্তর সিটি করপোরেশন কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়ে রেখেছে। এ সংস্থার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ধারণা, এবার মহানগরের উত্তরে প্রায় ৬ লাখ কোরবানির পশু জবাই হতে পারে, হাট ও জবাই পশু মিলিয়ে ১১ থেকে ১২ হাজার মেট্রিক টন বর্জ্য তৈরি হতে পারে।
আর দক্ষিণ সিটি বলেছিল, তাদের এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ করতে সময় লাগবে ২৪ ঘণ্টা। এ এলাকায় ১২ হাজার মেট্রিক টন বর্জ্য তৈরি হতে পারে বলে কর্মকর্তাদের ধারণা।
রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, রাত ৮টা পর্যন্ত ১০, ১৬, ১৭, ২৩, ২৪, ২৫, ২৬, ২৮, ২৯, ৩০, ৩১, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৯, ৫২, ৫৩, ৫৬, ৫৭, ৬৭, ৬৮, ৬৯, ৭০, ৭১, ৭২ ও ৭৪ নম্বর ওয়ার্ড থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
আর ১৭টি ওয়ার্ড থেকে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে, যার মধ্যে আছে ৫, ৮, ৯, ১১, ১৩, ১৯, ২০, ২১, ৩৪, ৪৮, ৫১, ৫৪, ৫৫, ৫৮, ৫৯, ৬৬ ও ৭৩ নম্বর ওয়ার্ড।
ঢাকা উত্তর সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা প্রধান এস এম শরিফ-উল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ৯টা পর্যন্ত উত্তরের ৫৪টি ওয়ার্ডের মধ্যে ৪৮টি শতভাগ পরিচ্ছন্ন হয়েছে। রাত ১১টার মধ্যে অবশিষ্টগুলো হয়ে যাবে।”
শরিফ-উল ইসলাম জানান, সবশেষ তিনি ২৩ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেছেন। সেখানে তিনি ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে বৈঠকও করেছেন।
বর্জ্য অপসারণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে শান্তিনগর এলাকার দোকানি আজগর শেখ বলেন, “এবার একটি সিস্টেমেটিক কাজ হচ্ছে বলে মনে হচ্ছে। আমি শান্তিনগর এলাকায় যে গলিতে থাকি, সেখানে পরিচ্ছন্নতা কর্মীরা দুপুর ১২টার মধ্যে ছোট ঠেলা গাড়িতে করে ময়লার ব্যাগগুলো সরিয়ে নিয়ে গেছে। পশুর ভুঁড়ি থেকে যেসব ময়লা বের হয়, সেগুলো দুর্গন্ধ ছড়ায় বেশি।
“এই কাজটা দ্রুত করায় এলাকায় কোনো দুর্গন্ধ নেই। আমার মনে হচ্ছে এবার ২৪ ঘণ্টার মধ্যে ঢাকায় অনেকটুকু পরিষ্কার হয়ে যাবে। তবে প্রকৃতি যদি একটু অনুকূল হয় এবং সন্ধ্যা অথবা রাতে বৃষ্টি হয়; তাহলে এটা হবে আমাদের জন্য সুখবর।”
মালিবাগের মৌচাকের কাছের সড়কে বিভিন্ন অলি-গলি থেকে বর্জ্য এনে ফেলা শুরু হয় বেলা ১১টার পরপরই। সেই স্তূপ থেকে ট্রাকে করে সিটি করপোরেশন বর্জ্য নিয়ে যাওয়া হচ্ছে ল্যান্ডফিলে।
বেলা আড়াইটার দিকে মালিবাগ, কাকরাইল, মহাখালী, বনানী, বাড্ডা, যাত্রাবাড়ী, শনির আখড়া, জুরাইন, মানিক নগর, পল্টন ও নাখালপাড়া ঘুরে নগর সংস্থার কর্মীদের ব্যতিব্যস্ত হয়ে কাজ করতে দেখা গেছে।
দক্ষিণ সিটি করপোরেশনের মালিবাগ এলাকার সুপারভাইজার হযরত আলী বলেন, “আমরা দুপুর ২টা থেকে কাজ শুরু করে দিয়েছি। ইতোমধ্যে এখান থেকে দুই ট্রাক চলে গেছে। আরেক ট্রাকে বর্জ্য তোলা হচ্ছে।”
কোথাও কোথাও ভ্যানে করে বর্জ্য নেওয়া হচ্ছে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস)। সেখান থেকে ট্রাক ও পিকআপে যাচ্ছে ল্যান্ডফিলে।
বনানী এলাকায় নিয়োজিত এক পরিচ্ছন্নতা কর্মী সুলতান মিয়া বলেন, কোরবানির গরু-ছাগলের ভুঁড়ির বর্জ্যই বেশি। এরপর রয়েছে চাটাই, দড়ি, খড়কুটা, খড়।
“আমরা চেষ্টা করছে দ্রুত বর্জ্যগুলো নিয়ে সেখানে পানি দিয়ে ধুয়ে পরে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে। সেইভাবে আমাদেরকে করপোরেশন থেকে নির্দেশ দেওয়া হয়েছে।”
সুলতান মিয়া জানালেন, বনানীর কয়েকটি ব্লকে তারা ১৫ জন পরিচ্ছন্নতা কর্মী দুপুর থেকে কাজ করছেন।
সকালে জাতীয় ঈদগাহে নামাজের পর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস নগরবাসীর উদ্দেশে বলেন, “আপনারা আমাদেরকে বর্জ্য অপসারণে সাহায্য করুন। যত্রতত্র ময়লা বা বর্জ্য ফেলবেন না। নির্দিষ্ট স্থানে রেখে দিন, আমাদের পরিচ্ছন্নতা কর্মী তা নিয়ে যাবে দ্রুত।”
নামাজ শেষে উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম বর্জ্য অপসারণে সবার সহযোগিতা চেয়ে বলেন, “ঢাকাবাসীকে অনুরোধ করব, আপনারা আমাদের সাহায্য করুন। আপনারা নির্দিষ্ট স্থানে বর্জ্যটা রেখে দিন।”
ঢাকার দুই নগর সংস্থা থেকে আগেই ছয় লাখের বেশি পলিব্যাগ বাসাবাড়িতে সরবরাহ করা হয়েছিল কোরবানির পশু বর্জ্য তাতে রেখে দেওয়ার জন্য। পর্যাপ্ত ব্লিচিং পাউডার, স্যাভলন ব্যবহারের পাশাপাশি ওয়াটার বাউজারের মাধ্যমে জীবাণুনাশক মিশ্রিত পানিও ছিটানো হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনায় দুই সিটি মিলিয়ে প্রায় ৯০০ যানবাহন ব্যবহার করা হচ্ছে।
কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। বর্জ্য অপসারণ নিয়ে যেকোনো অভিযোগ জানানো যাবে ফোন (১৬১০৬, ০২-৫৫৫০৫২০৮৪ ও ০৯৬০-২২২২৩৩৩) করে।
একই উদ্যোগ নিয়েছে দক্ষিণ সিটি কর্পোরশেনও।বর্জ্য অপসারণ নিয়ে কোনো অভিযোগ থাকলে ডিএসসিসির নিয়ন্ত্রণ কক্ষে ফোন (০২২২৩৩৮৬০১৪ ও ০১৭০৯৯০০৮৮৮) করতে অনুরোধ জানিয়েছেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ।
