টিকেটের লাইনে ১২ ঘণ্টা, হতাশ হয়ে ফেরা
কমলাপুরের কাউন্টারে প্রায় ১২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও প্রত্যাশিত টিকিট না পেয়ে ফিরে যেতে হয়েছে সূত্রাপুরের আব্দুর রহমানকে।
কোরবানির ঈদ সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির শুরুর চার ঘণ্টার মধ্যেই কমলাপুর স্টেশনে টিকেট ফুরিয়ে যাওয়ায় খালি হাতে ফিরতে হয়েছে আব্দুর রহমানের মত অনেককেই।
শুক্রবার সকাল ৮টা থেকে ঢাকার কমলাপুর, ফুলবাড়িয়া, বিমানবন্দর, তেজগাঁও ও ক্যান্টনমেন্ট এবং গাজীপুরের জয়দেবপুর স্টেশন থেকে ঈদের ট্রেনের টিকেট বিক্রি শুরু হয়। এ দিন বিক্রি হয় ৫ জুলাইয়ের টিকেট।
বিকাল ৪টা পর্যন্ত কাউন্টার খোলা থাকার কথা থাকলেও বেলা ১২টার মধ্যে টিকেট শেষ হওয়ার কথা জানান স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদ সারোয়ার বলেন, “আমরা ২৬ হাজার ৭৩৯টি টিকিট বিক্রি করব, এর অর্ধেক অনলাইনে, আর অর্ধেক কাউন্টার থেকে। এখানে যে দীর্ঘ লাইন হয়েছে, সকলের টিকিট পাওয়ার নিশ্চয়তা দেওয়া যায় না।”
২৬ হাজার ৭৩৯টি টিকিটের মধ্যে ১৩ হাজারের বেশি টিকেট দেওয়া হয়েছে নয়টি স্টেশনের কাউন্টার থেকে। কমলাপুর থেকে শুধু উত্তরবঙ্গের সাতটি ট্রেনের টিকেট দেওয়া হয়েছে।
সকালে কমলাপুর স্টেশনে গিয়ে ১৬টি কাউন্টারের সামনে টিকেট প্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা যায়। তাদের অনেকে টিকেট পাওয়ার জন্য বৃহস্পতিবার থেকেই স্টেশনে ঘাঁটি গেড়েছেন বলে জানান।
পঞ্চগরের টিকিটের জন্য ১২ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকেট না পাওয়ার কথা জানিয়ে সূত্রাপুরের আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, “আমি গতকাল রাত সাড়ে ১২টার দিকে এখানে এসেছি। পরিবার নিয়ে দেশে যাব, তাই আসছি টিকেট কিনতে। কিন্তু পেলাম না। কি আর করা, সন্ধ্যায় আবার আসব।"
আব্দুর রহমানের পরে এসেও অনেকে টিকেট পেলেও তিনি কেন পেলেন না জানতে চাইলে বলেন, “আমার আসলে এসি টিকেট দরকার। শোভন চেয়ারের টিকেট ছিল, সেটা নিইনি।”
শুক্রবার ভোরে কমলাপুর স্টেশনে লাইনে দাঁড়িয়েও টিকেট না পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অঞ্জন চৌধুরী জানালেন, তিনি রোববার আবার চেষ্টা করবেন।
“ভোরে এসে লাইনে দাঁড়িয়েছি। এখানে এসেও অনলাইনে ট্রাই করেছি। কিন্তু সেখানেও পাইনি, কাউন্টারেও টিকেট পেলাম না। আবার সিরিয়াল দিয়ে ফিরে যাচ্ছি।"
কবে কোন তারিখের টিকেট
কোরবানির ঈদ আগামী ১০ জুলাই। তার আগের দুদিন শুক্র ও শনিবার। ফলে এবার ঈদযাত্রার ভিড় শুরু হবে ৭ জুলাই শেষ কর্মদিবসের পর।
>> ১ জুলাই বিক্রি হচ্ছে ৫ জুলাইয়ের টিকেট
>> ২ জুলাই বিক্রি হবে ৬ জুলাইয়ের টিকেট
>> ৩ জুলাই বিক্রি হবে ৭ জুলাইয়ের টিকেট
>> ৪ জুলাই বিক্রি হবে ৮ জুলাইয়ের টিকেট
>> ৫ জুলাই বিক্রি হবে ৯ জুলাইয়ের টিকেট
ঈদ শেষে ট্রেনের ফিরতি যাত্রা শুরু হবে ১১ জুলাই থেকে।
>> ১১ জুলাইয়ের যাত্রার টিকেট মিলবে ৭ জুলাই
>> ১২ জুলাইয়ের যাত্রার টিকেট মিলবে ৮ জুলাই
>> ১৩ জুলাইয়ের যাত্রার টিকেট মিলবে ৯ জুলাই
>> ১৪ ও ১৫ জুলাইয়ের যাত্রার টিকেট মিলবে ১১ জুলাই
কোন স্টেশন থেকে কোন গন্তব্যের টিকেট
# ঢাকার কমলাপুর স্টেশনে সমগ্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকেট, কমলাপুর শহরতলী প্লাটফরম থেকে রাজশাহী ও খুলনাগামী ট্রেনের টিকেট দেওয়া হচ্ছে।
# ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে পাওয়া যাচ্ছে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকেট, তেজগাঁও স্টেশনে পাওয়া যাচ্ছে ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জগামী ঈদ স্পেশাল ট্রেনের টিকেট।
# ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে বিক্রি হচ্ছে নেত্রকোণাগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকেট, ফুলবাড়িয়া স্টেশন থেকে বিক্রি হচ্ছে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকেট।
# এ ছাড়া গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ঈদ স্পেশাল ট্রেনের টিকেট বিক্রি হচ্ছে।
নির্ধারিত কাউন্টারে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঈদের অগ্রিম টিকেট বিক্রি হবে। নারী ও প্রতিবন্ধীদের জন্য একটি করে কাউন্টারের ব্যবস্থা রয়েছে। টিকেট কাটার সময় যাত্রীদের এনআইডি বা জন্মসনদের ফটোকপি দেখাতে হচ্ছে।
বিক্রি করা ঈদযাত্রার অগ্রিম টিকেট ফেরত নেওয়া হবে না। স্পেশাল ট্রেনের কোনো টিকেট অনলাইনে পাওয়া যাবে না। শুধু স্টেশন কাউন্টারে বিক্রি করা হবে।
পুরনো খবর:
