পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে বাসের ধাক্কা
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার বুথের ব্যারিয়ারে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনার পর শরীয়তপুর পরিবহনের বাসটি চালকসহ আটকে রাখে কর্তৃপক্ষ।
সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার ব্যবস্থাপক কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ ডেকে বাসের চালককে জিজ্ঞাসাবাদ করে। সবকিছু পরীক্ষা করে ছেড়ে দেওয়া হয়।”
টোল প্লাজার কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ১০টার দিকে ঢাকাগামী শরীয়তপুর পরিবহনের বাসটি টোল প্লাজায় আসে। চালক মো. রানা মিয়া টোল দেওয়ার পর রশিদ না নিয়েই দ্রুত বাসটি নিয়ে বের হতে যান। তখন ৩ নম্বর বুথের ব্যারিয়ারটি বাসের ধাক্কায় বাঁকা হয়ে যায়।
টোল প্লাজার ব্যবস্থাপক কামাল বলেন, “পদ্মা সেতুর সবকিছু স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। টোলের স্লিপ প্রিন্ট না হওয়া পর্যন্ত ব্যারিয়ারটি খুলবে না। স্লিপ প্রিন্ট না হতেই চালক গাড়িটি দ্রুতগতিতে চালিয়ে যায়। তখনই ব্যারিয়ারে ধাক্কা লাগে।”
বাসচালক রানা মিয়ার মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
শরীয়তপুর পরিবহনের পরিচালক আরশাদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনিও বিস্তারিত কিছু বলতে পারেননি।
টোল প্লাজার ব্যবস্থাপক কামাল বলেন, “বাসচালক তেমন অভিজ্ঞ ছিল বলে মনে হয়নি।”
পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় বলেন, এনিয়ে সেতু কর্তৃপক্ষ লিখিত কোনো অভিযোগ করেনি।
গত ২৫ জুন উদ্বোধন হয় দেশের বৃহত্তম এই সেতু। তার পরদিন থেকেই উন্মুক্ত ৬ কিলোমিটার দীর্ঘ এই সেতু।
