শিক্ষক হেনস্থায় নিন্দা-প্রতিবাদ ঢাবি শিক্ষক সমিতির
সাভারে শিক্ষককে পিটিয়ে হত্যা এবং নড়াইলে এক কলেজ অধ্যক্ষের গলায় জুতার মালা পরিয়ে হেনস্থার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মঙ্গলবার বিকেলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
উত্ত্যক্তের ঘটনায় শাসন করায় গত শনিবার সাভারের হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক উৎপল কুমার সরকারকে (৩৭) স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তারই প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী আশরাফুল ইসলাম জিতু। দুই দিন পর ওই শিক্ষকের মৃত্যু ঘটে।
আর বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচনায় থাকা ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মার ছবি দিয়ে ফেসবুকে এক ছাত্রের পোস্টকে কেন্দ্র করে গত ১৮ জুন নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে হেনস্থা করা হয়।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার শাহবাগে বিভিন্ন সংগঠন সমাবেশ করে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশ থেকে ওই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নীরবতার সমালোচনা করা হয়। এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিল।
বিবৃতিতে বলা হয়, দুটি ঘটনাতেই তীব্র সামাজিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। সাম্প্রতিক সময়ে ধর্ম নিয়ে একশ্রেণির মানুষের অপতৎপরতা দেশের অসাম্প্রদায়িক চেতনা ও মূল্যবোধকে চরমভাবে আঘাত করছে, যা উদ্দেশ্যপ্রণোদিত।
"রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত করার হীন উদ্দেশ্যে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টার অংশ হিসাবেই ধর্মীয় অসহিষ্ণুতার ঘটনা ঘটানো হচ্ছে বলে আমরা মনে করি। এছাড়া সামাজিক ও নৈতিক শিক্ষার অভাবে কোথাও কোথাও ছাত্র-শিক্ষক সম্পর্কের চরম অবনতি লক্ষ্য করা যাচ্ছে।"
চলমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় বর্ণনা করে বিবৃতিতে বলা হয়, এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে সকল স্তরের শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার বিকল্প নেই। আমাদের নতুন প্রজন্মকে ধর্মান্ধতা থেকে বের করে পরম সহিষ্ণুতা, অসাম্প্রদায়িকতা ও মুক্ত চিন্তা-ধারায় উদ্বুদ্ধ করতে হবে, যাতে তারা আদর্শ জীবন গঠনসহ দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে পারে। এক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সবাইকেই ভূমিকা রাখতে হবে।
“ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উক্ত দুটি ঘটনার তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছে এবং এ ধরনের চরম নিন্দনীয় ও বেআইনি কর্মকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে।”
