২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরখানে গ্রিল কেটে ডাকাতি, গ্রেপ্তার ৪

ঢাকার উত্তরখানে জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে লোকজনের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ দামি জিনিসপত্র ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2022, 04:01 PM

Updated : 14 Jul 2022, 06:28 PM

গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার নোয়াগাঁও এলাকার তিস্তা গেইটে জাকিরের ভাঙ্গারির দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- মো. জাকির হোসেন (৩২),  মো. সবুজ (৩৪), মো. ওমর (৩০) ও মো. ওসমান গনি স্বপন (৪০)।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, ওই চারজনসহ পাঁচজন ডাকাতের একটি দল গত ৫ এপ্রিল রাত দেড়টার দিকে উত্তরখান থানার ভাটুলিয়ায় এক বাসায় জানালার গ্রিল কেটে ঢুকে ডাকাতি করে।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ওই রাতে ডাকাতির কথা স্বীকার করেছে। তারা বলেছে, তাদের চক্রে মোট ছয়জন আছে।”

গোয়েন্দা কর্মকর্তা হাফিজ বলেন, ওই রাতে পাঁচজনের দলটি ভাটুলিয়ার ওই বাসার জানালার গ্রিল গেটে ভেতরে ঢুকলে বাসার সদস্যরা টের পেয়ে যান।           

“পরিবারের সদস্যদের বেঁধে ও অস্ত্রের ভয় দেখিয়ে তারা আলমারি, ওয়ার্ডরোব, শোকেস এবং অন্যান্য আসবাবপত্র ভেঙে স্বর্ণালঙ্কার, কাপড়চোপড় এবং অন্যান্য জিনিসপত্র লুটপাট করে।”

লুট হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে তিনটি চেইন, এক জোড়া দুল, এক জোড়া বালা, দুটি হার ও তিনটি আংটি আছে।

ওই বাড়ি থেকে কাপড়চোপড়, বিছানার চাদর ছাড়াও একটি ডিএসএলআর ক্যামেরা, একটি পাওয়ার ব্যাংক এবং নগদ ৩ লাখ ৩১ হাজারসহ মোট ৮ লাখ ৩৭ হাজার ৭৫০ টাকার মালামাল লুট করা হয় বলে হাফিজ আক্তার জানান।

গৃহকর্তা আহসান উদ্দিন বাদী হয়ে উত্তরখান থানায় মামলা করলে গোয়েন্দা পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করে।

হাফিজ আক্তার বলেন, “গ্রেপ্তার এবং পলাতক ব্যক্তিরা পরস্পর যোগসাজশে এর আগেও ‘অসংখ্য’ ডাকাতি ও চুরির ঘটনা ঘটিয়েছে।”