২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মী নির্যাতন মামলায় গৃহকর্ত্রী সুমির জামিন বাতিল

গৃহকর্মী নির্যাতনের মামলায় রাজধানীর কলাবাগানের গৃহকর্ত্রী সামিয়া ইউসুফ সুমির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2022, 04:24 PM

Updated : 02 Aug 2022, 01:50 PM

‘ভুয়া স্বাক্ষরে’ হাজিরা দেওয়ার কারণে ঢাকার মহানগর হাকিম বেগম শুভ্রা চক্রবর্তী রোববার এই আদেশ দেন বলে বাদীপক্ষের আইনজীবী জাহিদুর রহমান মিয়া জানান।

কিশোরী গৃহকর্মী ফারজানা আক্তারকে নির্যাতনের মামলায় এদিন পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ছিল। সে অনুযায়ী সকালে গৃহকর্ত্রী সুমি হাজিরা দিতে আসেন আদালতে।

আইনজীবী জাহিদুর রহমান মিয়া বলেন, “এই আসামি আগে আত্মসমর্পণ করার সময় জামিনে আবেদনে যে স্বাক্ষর করেছিলেন, আজকে দেখি অন্যরকম স্বাক্ষর। এজন্য আদালতে ভুয়া হাজিরা দেওয়ার কারণে আইনজীবীকে কারণ দর্শানোর ও জামিন বাতিলের আবেদন করি।“

তার ওই আবেদনে আদালত সুমির জামিন বাতিল করে জানিয়ে জাহিদুর বলেন, আদালত এ ঘটনায় আসামির আইনজীবীকেও সতর্ক করে দিয়েছে।

গৃহকর্মী নির্যাতন মামলায় জামিনেই থাকছেন সুমি  

মামলার বিবরণে বলা হয়, ফারজানাকে ২০১৫ সালে মাসিক তিন হাজার টাকায় সুমির বাসায় কাজে দেয় তার পরিবার। ফারজানা বিভিন্ন সময় পরিবারকে জানায়, সুমি তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন, খাবার দিতেন না।

গত ১৭ জানুয়ারি সুমি ফোনে ফারজানার বাবা বিল্লাল হোসেনকে বলেন, তার মেয়ে খুব অসুস্থ। ওইদিনই স্ত্রীকে নিয়ে বিল্লাল ওই বাসায় গিয়ে ফারজানাকে অচেতন অবস্থায় পান। পরে লোকজনের সহায়তায় তিনি তার মেয়েকে হাসপাতালে ভর্তি করান।

কিছুটা সুস্থ হলে ফারজানা তার বাবাকে জানায়, কাজে যোগ দেওয়ার পর থেকেই তাকে ‘তুচ্ছ কারণে’ মারধর করতেন সামিয়া। তিনি গত ১৫ জানুয়ারি তাকে ‘লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর’ করেন। এক পর্যায়ে তাকে লোহার খুন্তি গরম করে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হয়।

নির্যাতনের শিকার ১৫ বছর বয়সী ওই কিশোরী দুই মাসে ৩৫ দিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিও ছিলেন।

ফারজানার বাবা বিল্লাল কলাবাগান থানায় চলতি বছরের ২০ জানুয়ারি এ মামলা দায়ের করেন। এর আগে গত ২৪ জানুয়ারি গৃহকর্ত্রী সামিয়া ইউসুফ সুমির জামিন মঞ্জুর করে আদালত। সেই জামিন বাতিল করে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হল আসামির বিরুদ্ধে।