গৃহকর্মী নির্যাতন মামলায় জামিনেই থাকছেন সুমি
গৃহকর্মী নির্যাতনের মামলায় জামিনেই থাকছেন ঢাকার কলাবাগানের গৃহকর্ত্রী সামিয়া ইউসুফ সুমি।
ঢাকার মহানগর হাকিম শুভ্রা চক্রবর্তী সোমবার শুনানি শেষে তার জামিন বাতিলের আবেদন নাকচ করে দেন।
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর আজাদ রহমান এবং বাদীর ব্যক্তিগত আইনজীবী জাহিদুর রহমান মিয়া গত ৩১ জানুয়ারি আসামির জামিন বাতিলের আবেদন করেছিলেন। আর আসামির পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন সোমবার স্থায়ী জামিনের আবেদন করেন।
শুনানিতে বাদীপক্ষ থেকে বলা হয়, বাদীকে ‘অন্ধকারে রেখে তাকে ভুল বুঝিয়ে’ জামিনে আপত্তি নাই মর্মে হলফনামা নেওয়া হয়। যেদিন আসামির জামিন হয়, সেদিন বাদীকে আদালতে ডাকা হয়নি, তার বক্তব্য শোনা হয়নি।
নির্যাতনের শিকার গৃহকর্মী ফারজানা আক্তার (১৫) গত দুই মাসে ৩৫ দিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।
তার বাবা বিল্লাল হোসেন সাংবাদিকদের বলেন, “আসামির লোকজন আমার কাছ থেকে কাগজে সই নিয়েছে। সেই কাগজে লিখছে- ‘অভিযোগ সত্য নয়, আমার জামিনে আপত্তি নাই’। সেই কাগজ দেখাইয়া নাকি জামিন নিছে। আমি লেখাপড়া জানি না। কী লেখা ছিল জানি না। আমরা আদালতে জামিন বাতিলের আবেদন করেছিলাম। কিন্তু আদালত বাতিল করেন নাই।”
এর আগে গত ২৪ জানুয়ারি গৃহকর্ত্রী সামিয়া ইউসুফ সুমির জামিন মঞ্জুর করেন আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, ফারজানাকে ২০১৫ সালে মাসিক তিন হাজার টাকার বিনিময়ে সামিয়ার বাসায় কাজে দেয় পরিবার। ফারজানা বিভিন্ন সময় পরিবারকে জানায়, সামিয়া তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন, খাবার দিতেন না।
গত ১৭ জানুয়ারি সামিয়া ফোনে ফারজানার বাবাকে বলেন, তার মেয়ে খুব অসুস্থ। ওইদিনই স্ত্রীকে নিয়ে বিল্লাল ওই বাসায় গিয়ে ফারজানাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে লোকজনের সহায়তায় তিনি তার মেয়েকে হাসপাতালে ভর্তি করান।
কিছুটা সুস্থ হলে ফারজানা তার বাবাকে জানান, কাজে যোগ দেওয়ার পর থেকেই তাকে ‘তুচ্ছ কারণে’ মারধর করতেন সামিয়া। গত ১৫ জানুয়ারি তাকে ‘লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর’ করেন। এক পর্যায়ে তাকে লোহার খুন্তি গরম করে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হয়।
