২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব্যসাচীর কলমে বাংলা হরফের ইন্দ্রজাল

বাংলা হরফের ঐতিহাসিক বিবর্তনের নান্দনিক ও ব্যবহারিক নানা দিক নিয়ে রাজধানীর ধানমণ্ডির ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র মিলয়নায়তনে শুরু হয়েছে শিল্পী সব্যসাচী হাজরার একক প্রদর্শনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2022, 10:51 PM

Updated : 25 Oct 2022, 10:44 AM

মঙ্গলবার বিকেলে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে ‘ব্রাহ্মী  টু বাংলা’ শিরোনামে ১২ দিনের এই প্রদর্শনী উদ্বোধন করা হয়। ২৫ জুন পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য তা উন্মুক্ত থাকবে।

সেই সঙ্গে শিল্পীর লেখা নতুন বই ‘অ-ইন দ্য কোয়েস্ট অব বাংলা টাইপোগ্রাফি’ এর মোড়কও উন্মোচন করা হয়েছে অনুষ্ঠানে।

বাংলা অক্ষরের বর্তমান প্রমিত রূপ কীভাবে এলো, তার ঐতিহাসিক রূপ ও ব্যবহারিক রূপ এ বইয়ে তুলে ধরেছেন সব্যসাচী হাজরা। বইটি যৌথভাবে প্রকাশ করেছে কথাপ্রকাশ ও নোকতা। প্রদর্শনী আয়োজনে সহযোগিতা করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

সব্যসাচী বলেন, “অক্ষরবিন্যাসের বহুমাত্রিক সম্ভাবনা নিয়ে চর্চার প্রয়োজনে বাংলা অক্ষরের প্রমিত রূপকে প্রকৃতভাবে চেনা, জানা ও আত্মস্থ করার তাগিদে এই প্রয়াস।

“মূলত তরুণ শিল্পীদের জন্য বাংলা অক্ষর বিষয়ে বইটিতে আমার অনুসন্ধানের অভিজ্ঞতা তুলে ধরেছি। আশা করি, তরুণ শিল্পীরা এই চর্চাকে এগিয়ে নেবেন এবং এই প্রকাশনার তথ্যগত ঘাটতি পূরণ করবেন।”

তিনি বলেন, বইয়ের বিষয়গুলো প্রদর্শনীতে তুলে ধরার উদ্দেশ্য হল- যারা বইটির সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না, তারা এর মাধ্যমে বইয়ের বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন।

Image
ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে উদ্বোধন করা হয়েছে বাংলা হরফ নিয়ে সব্যসাচী হাজরার ‘ব্রাহ্মী  টু বাংলা’ প্রদর্শনী।

ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে উদ্বোধন করা হয়েছে বাংলা হরফ নিয়ে সব্যসাচী হাজরার ‘ব্রাহ্মী  টু বাংলা’ প্রদর্শনী।

“বাংলাদেশের সুবর্ণজয়ন্তী, ভাষা আন্দোলনের সত্তর বছর ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদ্বিশতবার্ষিকীর সন্ধিক্ষণে এই প্রকাশনা ও প্রদর্শনীটি উপস্থাপিত হচ্ছে। তাই এটা একটা বৃহৎ তাৎপর্য বহন করছে।”

অভিনেতা, পরিচালক ও চিত্রশিল্পী আফজাল হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “পৃথিবীতে একদল মানুষ রয়েছে যারা সৃজনশীল, যারা সকল সৃষ্টিকে খুব আলাদা দৃষ্টি দিয়ে দেখতে পারে। দেখতে পারে বলেই জগত আমাদের কাছে এত আকর্ষণীয়।

“প্রযক্তির যুগে একটা দুঃসময়ে সব্যসাচী হরফের সৌন্দর্য্য নিয়ে কাজ করেছে, আমাদের গৌরববোধ করা উচিত, আনন্দিত হওয়ার উচিত।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার অধ্যাপক ও শিল্পী শিশির ভট্টাচার্য্য বলেন, “করোনার এক কঠিন সময়ে সব্যসাচী একটা সাংঘাতিক কাজ করেছেন। গ্রন্থটিতে বাংলা অক্ষর কীভাবে এল, তার ধারাবাহিক বিবর্তনটা তিনি তুলে ধরেছেন। এটা কোনো সহজ বিষয় নয়। এটা সাংঘাতিক গবেষণার বিষয় এবং এটার রেফারেন্স পাওয়াটা কঠিন।

“এ কাজের মাধ্যমে সব্যসাচী একটা পথ দেখাল, গবেষণামূলক কাজের ফুল স্টপ ‍দিয়ে শেষ হয়ে যায় না, গবেষণামূলক কাজটা আরেকটা কাজের জন্য ইঙ্গিত দেয়। তিনি কিন্তু স্পষ্ট এবং সাবলীলভাবে বলেছেন, এই গবেষণায় কোনো ঘাটতি থাকলে, তাহলে আরেকজন সেই ঘাটতি পূরণ করবে। এভাবেই চলতে থাকে গবেষণা।”

জলের গানের শিল্পী রাহুল আনন্দের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম এবং আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ফ্রঁসোয়া ঘ্রোজঁ বক্তৃতা করেন।