২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুরাইনে পুলিশের ওপর হামলা: আরও একজনের জামিন

জুরাইনে মোটর সাইকেলের কাগজপত্র যাচাই নিয়ে তিন পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় করা মামলায় চালকের শ্যালক আইনজীবী ইয়াসিন আরাফাত ভুঁইয়াকে জামিন দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2022, 05:36 PM

Updated : 02 Aug 2022, 01:46 PM

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন শুনানি শেষে ৫ হাজার টাকা মুচলেকায় ইয়াসিন আরাফাত ভুঁইয়ার জামিনের আদেশ দেন।

ইয়াসিনের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী কাজী নজিবউল্যাহ হিরু, আসাদুজ্জামান রচিসহ কয়েকজন।

গত ৭ জুন জুরাইন রেলগেট এলাকায় উল্টো দিক দিয়ে আসা সোহাগ উল ইসলাম রনি নামে এক মোটরসাইকেল আরোহীকে আটকে কাগজপত্র যাচাইয়ের সময় স্থানীয়রা হামলা চালায় বলে পুলিশের ভাষ্য।

এ ঘটনায় পুলিশ সার্জেন্ট আলী হোসেন আহত হন। তার হাতে ২১টি সেলাই দিতে হয়েছে। তাকে উদ্ধারে এগিয়ে আসা ট্রাফিক কনস্টেবল সিরাজুল ইসলাম ও শ্যামপুর থানার এএসআই উৎপল চন্দ্রও সেসময় আহত হন।

ঘটনার পরপরই মোটরসাইকেলের চালক বার্তা বিচিত্রা পত্রিকার সাংবাদিক পরিচয় দেওয়া রনি, তার স্ত্রী আইনজীবী ইয়াসিন জাহান নিশাত ভুইয়া এবং শ্যালক ইয়াসিনকে পুলিশ আটক করে।

পরে হামলা, কাজে বাধা দেওয়া, হত্যাচেষ্টা ও সরকারি স্থাপনা ভাঙচুরের অভিযোগে চারশ জনকে আসামি করে শ্যামপুর থানায় মামলা করে পুলিশ। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গত ৮ জুন এ মামলায় রনির স্ত্রী আইনজীবী ইয়াসিন জাহান নিশানকে জামিন দেয় আদালত। এছাড়া গ্রেপ্তার রনি, ইয়াসিন, শরিফ, নাহিদ ও রাসেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

পরবর্তীতে গত ১০ জুন গ্রেপ্তার আরও ১৭ আসামির মধ্যে চারজনের এক দিন করে রিমান্ড এবং ১৩ জনকে কারাগারে পাঠায় আদালত।

এর আগে গত ৯ জুন হাইকোর্টে কয়েকজন আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার আইনজীবীদের রিমান্ডের বিষয়ে রুল দিলে রাষ্ট্রপক্ষ এ আদেশের বিরুদ্ধে আপিল করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরে আপিল বিভাগ বিচারিক আদালতে তাদের জামিন আবেদন করার পরামর্শ দেয়। সে অনুযায়ী নিম্ন আদালতে তারা জামিন পান।

তিনি জানান, গত ৮ জুন রনি এবং ইয়াসিনসহ যে পাঁচজনকে তিনদিনের রিমান্ড দেওয়া হয় তার মধ্যে একজন আইনজীবী এবং একজন শিক্ষানবিশ আইনজীবী ছিলেন।

আরও খবর:

জুরাইনে পুলিশ পেটানোর ঘটনায় ৫ জন রিমান্ডে  

জুরাইনে পুলিশকে মারধরের মামলায় একদিনে গ্রেপ্তার ১৭  

জুরাইনে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩