সালমান শাহর মায়ের আবেদনে শুনানি ২৬ অক্টোবর
ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর মামলায় তার মা নীলা চৌধুরীর করা রিভিশন আবেদন বিচারের জন্য গ্রহণ করেছেন বিচারক।
রোববার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ ওই আবেদন গ্রহণ করে শুনানির জন্য ২৬ অক্টোবর দিন রেখেছেন।
তিন দফা তদন্তের পর প্রতিবারই তদন্তকারীরা সালমান শাহর মৃত্যুকে ‘আত্মহত্যা’ বললেও তা মানতে রাজি নয় তার পরিবার। তার মায়ের দাবি এটি ‘হত্যাকাণ্ড’।
সর্বশেষ তদন্তকারী সংস্থা পিবিআই তাদের তদন্ত প্রতিবেদনে বলে, চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে পারিবারিক কলহ আর স্ত্রী সামিরা হকের কারণে মা নিলুফা চৌধুরী ওরফে নীলা চৌধুরীকে ছেড়ে থাকার মানসিক যন্ত্রণায় ভুগেই অভিমানী সালমান শাহ আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন।
এর আগে সিআইডি এবং বিচারিক তদন্তেও একই কথা বলা হয়েছিল। কিন্তু প্রতিবারই তা প্রত্যাখ্যান করে পুনঃতদন্ত চায় সালমান শাহর পরিবার।
বাদীপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ সাংবাদিকদের বলেন, পিবিআইয়ের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করেছিলেন তারা। কিন্তু যুক্তরাজ্য প্রবাসী নীলা চৌধুরী মহামারীর মধ্যে শুনানির জন্য আসতে পারেননি।
তিনি সময় চাওয়ার পরও গত বছর ৩১ অক্টোবর বাদীর আপত্তি নাকচ করে পিবিআইয়ের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আদালত।
ফারুক আহাম্মদ বলেন, “আমরা ওই আদেশের বিরুদ্ধে রিভিশন মামলা করেছি। যা প্রাথমিকভাবে আদালত বিচারের জন্য গ্রহণ করে ম্যাজিস্ট্রেট আদালতের নথি তলব করেছেন। আগামী ২৬ অক্টোবর পরবর্তী শুনানি হবে।”
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান। বাংলাদেশের চলচ্চিত্র জগতে সে সময় তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে।
ছেলের মৃত্যুর পর প্রথমে একটি অপমৃত্যু মামলা করেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। কিন্তু পরে ছেলেকে হত্যা করা হয়েছে- এমন অভিযোগে ১৯৯৭ সালের ২৪ জুলাই অভিযোগটিকে হত্যা মামলায় রূপান্তর করার আবেদন জানান তিনি।
তখন অপমৃত্যু মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেয় আদালত। ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে সিআইডি জানায়, সালমান শাহ ‘আত্মহত্যা’ করেন।
সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে কমরউদ্দিন চৌধুরী রিভিশন মামলা দায়ের করেন। পরে ২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠায় আদালত।
দীর্ঘ ১১ বছর পর ২০১৪ সালের ৩ অগাস্ট সেই প্রতিবেদন দাখিল করেন মহানগর হাকিম ইমদাদুল হক। তাতেও হত্যার অভিযোগ নাকচ করা হয়।
সালমান শাহের বাবার মৃত্যুর পর তার মা নীলা চৌধুরী মামলাটি চালিয়ে যান। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি নীলা চৌধুরী বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে ‘নারাজি’ দেন। তিনি ১১ জনের নাম উল্লেখ করে দাবি করেন, এরা তার ছেলেকে হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে।
মামলাটি এরপর তদন্ত করে র্যাব। তখন রাষ্ট্রপক্ষ আপত্তি তুললে ২০১৬ সালের ২১ অগাস্ট ঢাকার বিশেষ জজ ৬-এর বিচারক ইমরুল কায়েশ র্যাবকে মামলাটি আর তদন্ত না করার আদেশ দেন।
তখন তদন্তের দায়িত্বে আসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চার বছর তদন্তের পর ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রতিবেদন জমা দেন পিবিআইয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম।
সেখানেও বলা হয়, ঘটনার সময় উপস্থিত ও ঘটনায় সংশ্লিষ্ট ৫৪ জন সাক্ষীর জবানবন্দি বিশ্লেষণ করে, জব্দ করা আলামত পর্যালোচনা করে হত্যার অভিযোগের কোনো প্রমাণ মেলেনি।
