২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান শাহর মৃত্যু: পিবিআইয়ের প্রতিবেদন নিয়ে মায়ের আপত্তি খারিজ

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর মামলায় পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে আপত্তি জানিয়ে তার মা নীলা চৌধুরীর করা পুনঃতদন্তের আবেদন খারিজ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আদাল প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2021, 05:04 PM

Updated : 02 Aug 2022, 06:31 PM

তার আইনজীবী ফারুক আহাম্মদ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই আবেদন জমা দেন। শুনানি শেষে বিচারক মামুনুর রশিদ তা খারিজ করে দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফারুক বলেন, “তিনি (নীলা চৌধুরী) সশরীরে হাজির হননি। তার স্বাক্ষরও আমরা নারাজি আবেদনে নিতে পারিনি। সে কারণে এই নারাজি আবদেন খারিজ করে দিয়েছেন বিচারক। নীলা চৌধুরী সুস্থ হয়ে দেশে ফিরলে আবার আবেদন করা যাবে।”

তিন দফা তদন্তের পর সালমান শাহর মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলা হলেও তা মানতে রাজি নন তার পরিবার। তার মায়ের দাবি এটি ‘হত্যাকাণ্ড’।

সর্বশেষ তদন্তকারী সংস্থা পিবিআই তাদের তদন্ত প্রতিবেদনে বলে, চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে পারিবারিক কলহ আর স্ত্রী সামিরা হকের কারণে মা নিলুফা চৌধুরী ওরফে নীলা চৌধুরীকে ছেড়ে থাকার মানসিক যন্ত্রণায় ভুগেই অভিমানী সালমান শাহ আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন।

এর আগেও সিআইডি এবং বিচারিক তদন্তেও একই কথা বলা হয়েছিল। কিন্তু প্রতিবারই তা প্রত্যাখ্যান করে পুনঃতদন্ত চায়  সালমান শাহর পরিবার।

রোববার পিবিআইয়ের প্রতিবেদনের গ্রহণযোগ্যতার শুনানির দিন ধার্য ছিল। মামলার বাদী সালমান শাহের মা লন্ডনে থাকায় তার পক্ষে আইনজীবী নারাজির আবেদন করেন। পাশাপাশি নীলা চৌধুরীর রেকর্ড করা জবানবন্দি উপস্থাপনের জন্য আদালতের অনুমতি চান তিনি। এছাড়া মামলায় এক আসামির ভিডিও রেকর্ডের কপি চেয়ে আরেকটি আবেদন করেন।

শুনানি শেষে বিচারক সব আবেদনেই খারিজ করে দেন বলে আইনজীবী ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান। বাংলাদেশের চলচ্চিত্র জগতে সে সময় তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে।

ছেলের মৃত্যুর পর প্রথমে একটি অপমৃত্যু মামলা করেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। কিন্তু পরে ছেলেকে হত্যা করা হয়েছে- এমন অভিযোগে ১৯৯৭ সালের ২৪ জুলাই অভিযোগটিকে হত্যা মামলায় রূপান্তর করার আবেদন জানান তিনি।

তখন অপমৃত্যু মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেয় আদালত। ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে সিআইডি জানায়, সালমান শাহ ‘আত্মহত্যা’ করেন।

সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে কমরউদ্দিন চৌধুরী রিভিশন মামলা দায়ের করেন। পরে ২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠায় আদালত।

দীর্ঘ ১১ বছর পর ২০১৪ সালের ৩ আগস্ট সেই প্রতিবেদন দাখিল করেন মহানগর হাকিম ইমদাদুল হক। তাতেও হত্যার অভিযোগ নাকচ করা হয়।

সালমান শাহের বাবার মৃত্যুর পর তার মা নীলা চৌধুরী মামলটি চালিয়ে যান। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি নীলা চৌধুরী বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে ‘নারাজি’ দেন। তিনি ১১ জনের নাম উল্লেখ করে দাবি করেন, এরা তার ছেলেকে হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে।

মামলাটি এরপর তদন্ত করে র্যাব। তখন রাষ্ট্রপক্ষ আপত্তি তুললে ২০১৬ সালের ২১ অগাস্ট ঢাকার বিশেষ জজ ৬-এর বিচারক ইমরুল কায়েশ র‌্যাবকে মামলাটি আর তদন্ত না করার আদেশ দেন।

তখন তদন্তের দায়িত্বে আসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চার বছর তদন্তের পর ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি তারা চূড়ান্ত প্রতিবেদন দেয়। সেখানেও বলা হয়, ঘটনার সময় উপস্থিত ও ঘটনায় সংশ্লিষ্ট ৫৪ জন সাক্ষীর জবানবন্দি বিশ্লেষণ করে, জব্দ করা আলামত পর্যালোচনা করে হত্যার অভিযোগের কোনো প্রমাণ মেলেনি।

ওই প্রতিবেদনেও সন্তুষ্ট নন সালমানের মা নীলা চৌধুরী। ছেলের মৃত্যু কীভাবে হয়েছিল, তা জানতে তিনি আরও তদন্ত চান।