জনশুমারি: স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কর্মসূচি উপলক্ষে উদ্বোধনী খাম ও স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে এই বিশেষ খাম ও ডাক টিকেট অবমুক্ত করেন রাষ্ট্রপ্রধান।
দেশের সকল মানুষের আর্থ-সামাজিক তথ্য সংগ্রহে সারাদেশে আগামী ১৫ থেকে ২১ জুন সাত দিন একযোগে জনশুমারি ও গৃহগণনা করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
জনশুমারি ও গৃহগণনার বিভিন্ন বিষয় সম্পর্কে বঙ্গভবনের অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জনশুমারি ও গৃহগণনা খুবই গুরুত্বপূর্ণ। শুমারি কর্মীরা যাতে বাড়ি বাড়ি গিয়ে নির্ভুল তথ্য সংগ্রহ করে তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন রাষ্ট্রপতি।”
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
