২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, জাবির সাবেক ছাত্রের ৭ বছর সাজা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী শামসুল আলম বাবুকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2022, 09:58 PM

Updated : 14 Jul 2022, 06:17 PM

সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জগলুল হোসেন সাত বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। 

জামিনে থাকা আসামি শামসুল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

আসামির আইনজীবী নাসিমা আক্তার লাভলী সাংবাদিকদের বলেছেন, রায়ের কপি পাওয়ার পর তার সিদ্ধান্ত নেবেন, এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন কি না।

রায়ে বলা হয়, মামলা হওয়ার সময় আসামির বয়স ছিল ২৩ বছর। অল্প বয়স বিবেচনায় তাকে ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (সংশোধিত/২০১৩) ৫৭ ধারার ন্যূনতম সাজা সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হল।

২০১৫ সালের ৫ অগাস্ট শামসুল আলম বাবুর বিরুদ্ধে সাভারের আশুলিয়া থানায় তথ্য-প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে ২০১৬ সালের ২৬ এপ্রিল তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। ওই বছরের ২১ জুলাই অভিযোগ গঠনের মাধ্যমে তার বিচার শুরুর আদেশ দেয় আদালত। 

মামলার বিবরণে জানা যায়, বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন সেতুর একটি লেখা ২০১৫ সালের ৪ অগাস্ট একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়।  সেই লেখাটি ফেইসবুকে শেয়ার করেন একই ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও জাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুরশিদুর রহমান আকন্দ।

মুরশিদের শেয়ার করা ওই পোস্টে ‘কবির মামু’ নামের একটি ফেইসবুক আইডি থেকে মন্তব্য করেন শামছুল আলম। সেখানে তিনি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ‘কুরুচিপূর্ণ মন্তব্য’ করেন।

পরদিন শামছুলকে ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেয় মুরশিদুর ও সেতু। সেইসঙ্গে তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করেন তারা।

এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইয়াকুব আলী মিয়া আসামি বাবুকে আশুলিয়া থানায় হস্তান্তর করে মামলা করেন।

রাষ্ট্রপক্ষে মোট ৯ জনের সাক্ষ্য শুনে বিচারক সোমবার আসামিকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করলেন।