৪১০ হজযাত্রী নিয়ে ঢাকা ছাড়ল বিমানের প্রথম হজ ফ্লাইট
মহামারীর কারণে দুই বছর পর ৪১০ হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট।
রোববার সকাল ৯টায় বিমান প্রতিমন্ত্রী মাহাবুব আলী ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বিমানবন্দরে হজ যাত্রার উদ্বোধন করেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. কামরুল ইসলাম জানান, রোববার ভোর ৫টায় আশকোনা থেকে কয়েকটি বাসে হজযাত্রীদের বিমান বন্দরে নিয়ে আসা হয়। সকাল ৯টার দিকে তাদের বহনকারী বিমান সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শুক্রবার এবারের হজ কার্যক্রম উদ্বোধন করেন। এ বছর মোট ৫৭ হাজার ৫৮৫ জন বাংলাদেশি হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৫৩ হাজার ৫৮৫ জন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস মহামারীর কারণে গত দুই বছর খুবই সীমিত পরিসরে হজ পালন করার সুযোগ দিয়েছে সৌদি সরকার।
মহামারীর ভীতিকর পরিস্থিতি কেটে যাওয়ার পর এ বছর বিশ্বের ১০ লাখ মানুষকে হজে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। কোন দেশ থেকে কত হজযাত্রী যেতে পারবেন সেই কোটাও নির্ধারণ করে দেয় সৌদি আরব।
কোভিডের আগের বছরগুলোতে বাংলাদেশ থেকে সোয়া এক লাখের বেশি মানুষ হজে যাওয়ার সুযোগ পেতেন।
