প্লট দুর্নীতি: সিনহার মামলায় প্রতিবেদন দাখিলে ফের সময় পেল দুদক
ক্ষমতার প্রভাব খাটিয়ে প্লট বরাদ্দ ও আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও সময় পেল দুর্নীতি দমন কমিশন-দুদক।
ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কেএম ইমরুল কায়েশ তদন্ত প্রতিবেদন জমা দিতে আগামী ১৬ জুন নতুন তারিখ রেখেছেন।
রোববার এ মামলায় প্রতিবেদন দাখিলের কথা ছিল দুদকের। কিন্তু এর আগের বারের মত এদিনও তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দেননি বলে জানান আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. জুলফিকার।
দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান ২০২১ বছর ৭ অক্টোবর কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ এ মামলা দায়ের করেন।
সেখানে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ঢাকার উত্তরায় ‘বেআইনিভাবে’ প্লট বরাদ্দ নিয়ে নয়তলা ভবন করার অভিযোগ আনা হয়।
পাশাপাশি তিনি ‘অবৈধভাবে অর্জিত’ ৭ কোটি ১৪ লাখ টাকার সম্পদ নিজের ভাই ও আত্মীয়ের নামে স্থানান্তর করেছেন বলেও দুদকের ভাষ্য।
দুদকের অনুসন্ধানকালে প্রকৌশলীর প্রতিবেদন থেকে জানা যায়, উত্তরা আবাসিক এলাকায় ভবনের নির্মাণে ব্যয় হয় ৬ কোটি ৩১ লাখ ৫ হাজার ৮৬৫ টাকা। এছাড়া, প্লটের মূল্য হিসেবে রাজউকে পরিশোধ করা হয় ৭৫ লাখ টাকা।
মামলার এজাহারে বলা হয়েছে, এসকে সিনহা ক্ষমতার ‘অপব্যবহার’ করে ভাই ও নিজের আত্মীয়ের নামে-বেনামে সম্পদ অর্জন করেছেন, যার কোনো ‘বৈধ উৎস’ নেই বা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও পাচারের দায়ে গত বছরের ৯ নভেম্বর এসকে সিনহাকে ১১ বছর কারাদণ্ড দেয় ঢাকার একটি আদালত।
এদিকে, ‘অর্থ পাচার’ করে যুক্তরাষ্ট্রে তিনতলা একটি বাড়ি কেনার অভিযোগে সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে গত ৩১ মার্চ আরেকটি মামলা দুদক।
ওই মামলায় ‘অর্থ পাচার ও বাড়ি কিনতে সহযোগিতা’ করার অভিযোগে সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহাকেও আসামি করা হয়েছে।
