২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালশীতে ফ্লাইওভার থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর পল্লবীতে কালশী ফ্লাইওভার থেকে দুই নির্মাণ শ্রমিক নিচে পড়ে গেলে একজনের মৃত্যু হয়; আর উপরে আটকে থাকায় অপরজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2022, 08:53 PM

Updated : 02 Aug 2022, 03:15 PM

শুক্রবার বিকালে নিহত আলমগীর হেসেন (৩০) হঠাৎ পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।

হাসপাতালে নিয়ে আসা অপর নির্মাণ শ্রমিক কাজী তানভীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে চারটার দিকে আলমগীর উপরে উঠে রড বাঁধার কাজ করতে গিয়ে নিচে পড়ে মাথায় আঘাত পান।

"সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত বলে জানায়।"

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আহাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "আলমগীর ছাড়াও আরও একজন নির্মাণ শ্রমিক দুর্ঘটনার শিকার হন। আলমগীর নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়া হয়। আরেকজন নিচে পড়ে যাওয়ার সময় আটকে গেলে তাকে সুস্থ অবস্থায় ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয়।"

তবে সুস্থ শ্রমিকের নাম জানাতে পারেননি তিনি।

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পুটিমারা কাচারী পাড়া গ্রামের মো. মোফাজ্জেল হোসেনের ছেলে আলমগীর ফ্লাইওভারের নিচে শ্রমিকদের জন্য বানানো ঘরে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আলমগীরের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।