২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কাছে বাংলাদেশের বিকল্প নেই: শাহরিয়ার

ভারতের অন্য সব প্রতিবেশী দেশে যখন অশান্তি, তখন অংশীদারিত্বের জন্য স্থিতিশীল বাংলাদেশের বিকল্প নয়া দিল্লির কাছে নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহিরয়ার আলম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2022, 12:07 AM

Updated : 25 Oct 2022, 10:21 AM

বুধবার ঢাকায় দুদেশের সম্পর্ক নিয়ে এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, “ভারতের সব সীমান্তে অশান্তি যখন বাড়ছে, তখন অংশীদারিত্বের জন্য কিংবা দীর্ঘস্থায়ী স্বার্থের কথা ভাবলে স্বাভাবিকভাবেই স্থিতিশীল ও সহনশীল বাংলাদেশই তাদের জন্য লাগসই বিকল্প।”

“বাংলাদেশ ও ভারতের গঠনমূলক সম্পর্ক সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার প্রধান নিয়ামক হতে পারে,” বলেন শাহরিয়ার।

‘বাংলাদেশ-ভারত সম্পর্ক: মতাদর্শ ও বিকাশমান দৃষ্টিভঙ্গির মিলন’ শীর্ষক এ সেমিনার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, সীমান্ত সহযোগিতা, পানি বণ্টন, মানুষে-মানুষে সম্পর্কসহ দ্বিপাক্ষিক সম্পর্কের ‘সোনালী অধ্যায়ের’ বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিমন্ত্রী শাহরিয়ার।

দুদেশের সম্পর্ক অন্য কারও সম্পর্কের সঙ্গে তুলনীয় হতে পারে না বলে মন্তব্য করে তিনি বলেন, “৫০ বছরের সম্পর্কের এ ক্ষণে দাঁড়িয়ে আমাদের সম্পর্কের শক্তিকে ‍উপলব্ধি, ভুলগুলোকে শোধরানো, চ্যালেঞ্জগুলোকে স্বীকার এবং সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার পথ নকশা তৈরি করতে হবে।”

দুদেশের বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। অন্যদিকে, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারত, প্রথমে রয়েছে চীন।

বাংলাদেশ থেকে বেড়াতে ও চিকিৎসা নিতে ২২ লাখ ব্যক্তির প্রতিবছর দেশটিতে যাওয়ার প্রসঙ্গে শাহরিয়ার বলেন, ভারতে আসা পর্যটকের মধ্যে যা সর্বোচ্চ।

তিনি বলেন, হাজার হাজার ভারতীয় বাংলাদেশের সেবাখাতে কাজ করছে, অবদান রাখছে।

“ভালো করে শুনুন, ভারতের জন্য বাংলাদেশ চতুর্থ সর্বোচ্চ রেমিট্যান্স দাতা দেশ। পারস্পরিক নির্ভরশীলতা ও সম্মানের বিষয় এক্ষেত্রেও কিন্তু আসে।”

অন্য প্রতিবেশীদের মত বাংলাদেশ-ভারতের মধ্যেও কিছু ‘যন্ত্রণাদায়ক’ বিষয় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সম্পর্কের মধ্যে বিরাজমান সব সম্ভাবনার পুরোপুরি অর্জন এখনও করতে পারেনি দুদেশ।

“যদিও দীর্ঘদিনের স্থলসীমান্ত ও সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি করেছে উভয় দেশ, কিন্তু সীমান্তে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা দ্বিপক্ষীয় আলোচনার মধ্যে একটি দাগ হয়ে রয়েছে। আমরা যখনই মিলিত হই, এটা আলোচনায় ওঠে।”

৫৪টি আন্তঃসীমান্ত নদীর পানিবণ্টন দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কাঁটা হয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “ভাটির দেশ হিসেবে তিস্তা নদীর আরও পানি চায় বাংলাদেশ। ছয় নদী- মুহুরি, মানু, গোমতী, খোয়া, দুধকুমার ও ধরলার পানির সর্বোচ্চ ব্যবহারের জন্য ফ্রেমওয়ার্ক চুক্তি করতে চাই আমরা।”

সেমিনারে বিশেষ অতিথি বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পরিচালক অরবিন্দ গুপ্ত বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কে জটিলতা যেমন আছে গভীরতাও আছে। সম্পর্কের ক্ষেত্রে অতীতে যে উঠানামা হয়েছে আমরা চাইলেই সেই বাস্তবতাটা বদলে দিতে পারি না।

তিনি বলেন, দুই দেশের মধ্যে অনেক বিষয়ে মতপার্থক্য আছে। কোনো বিষয়ে ঐকমত্য না হওয়াটা দোষের কিছু নয়। একে অন্যের স্বার্থকে দেখতে হবে। তবে যে বিষয়গুলোতে জটিলতা ও সমস্যা রয়েছে তা আলোচনায় উঠে আসা জরুরি।

“এ বিষয়গুলো মোকাবিলা করে সামনে এগুনো জরুরি। মিল ও অমিলের পরও যে গভীরতা ও বৈচিত্র্য সম্পর্কে আছে সেটিকে আমাদের উদযাপন করতে হবে।”

বিবেকানন্দ আন্তর্জাতিক ফাউন্ডেশনের জাতীয় নিরাপত্তা বিভাগের ফেলো অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল রবি কুমার সোহনি বলেন, বাংলাদেশ-ভারতের এমন সম্পর্ক যেখানে দুপক্ষের রক্ত একই ধারায় প্রবাহিত হয়েছে এবং এ সম্পর্কের বিকল্প কেউ হতে পারবে না।

“আমার মনে হয়, চীনও পারবে না। তারা সেতু বানাতে পারবে, সড়ক বানাতে পারবে; কিন্তু আমাদের সাথে আপনাদের যে সম্পর্ক তা করতে পারবে না।”

মুক্তিযুদ্ধে অবদান রাখা সাবেক এ সেনা কর্মকর্তা বলেন, “এটা সত্য আমাদের সম্পর্ক একেবারে নিখুঁত নয়। মনে হয়, নিখুঁত সম্পর্ক পৃথিবীর কারও মধ্যে নাই। আমার স্ত্রীর সাথে সম্পর্কও নিখুঁত কি না, বলতে পারি না। যে সম্পর্কে অভিযোগ আছে, মনে হয় সেটাই ঠিক পথে এগোচ্ছে।

“আসুন মনে রাখি, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কেবল ব্যবসা ও বাণিজ্যের নয়, এটা রক্তের। এই সম্পর্ক কেউ পরিবর্তন করতে পারে না।”

সেমিনারে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের জ্যেষ্ঠ ফেলো শ্রী রাধা দত্ত ও বিআইআইএসএসের গবেষণা পরিচালক মাহফুজ কবীর।

কাজী ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় সেমিনারে বাংলাদেশ ফাউন্ডেশন ফল রিজিওনাল স্টাডিজের চেয়ারম্যান এ এস এম শামসুল আরেফিন, বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান বক্তব্য দেন।