সংঘর্ষ-হাতবোমা, ৩ ঘণ্টা পর খুলল ঢাকা কলেজের সামনের সড়ক
ঢাকা কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় তিন ঘণ্টা দফা দফায় সংঘর্ষ শেষে সচল হয়েছে মিরপুর সড়ক।
বুধবার রাত ৮টার দিকে সংঘর্ষ বাঁধলে মিরপুর সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছিল পুলিশ। পৌনে ১১টার দিকে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়।
সংঘর্ষের সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। কয়েকজনকে আহত হতেও দেখা গেছে। পরে আহতদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা কলেজ এবং শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় বা টিচার্স ট্রেনিং কলেজ (টিটি কলেজ) পাশাপাশি অবস্থিত।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যায় ঢাকা কলেজের নর্থ হলের এক শিক্ষার্থীকে মারধর করে টিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী। তা নিয়ে উত্তেজনার শুরু। তারপর সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই কলেজের ছাত্রলীগকর্মীরা।
শুরুতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে টিটি কলেজের ফটকের সামনে এলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট ছোড়াছুড়ি।
এক পর্যায়ে টিটি কলেজের শিক্ষার্থীরা তাদের ভবনের ছাদের উপর গিয়ে মিরপুর সড়কে হাতবোমা ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য। প্রায় ১০-১৫টি হাতবোমা বিস্ফোরণের কথা বলেছেন অনেকে।
নূরে আলম নামের একজন বিক্রয়কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মারামারি বাঁধার পর কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়।”
মারামারির সময় সড়কে থাকা নূরে আলমের মোটরসাইকেল থেকে অতিরিক্ত হেলমেটটি নিয়ে যান এক তরুণ। তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী বলে ধারণা নূরে আলমের।
ওই পরিস্থিতিতে সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় ঢাকা মহানগর পুলিশের নিউ মার্কেট ট্রাফিক অঞ্চলের সহকারী কমিশনার হারুন উর রশীদ জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীরা সংঘাতে জড়ালে ওপাশ থেকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। যানবাহনগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।”
ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে সড়কে মহড়া দিতে থাকেন। আর টিটি কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরেই অবস্থান করছিলেন।
পুলিশ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা টিটি কলেজের ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সেখানেও দফায় দফা সংঘর্ষ হয়।
এসময় বেশ কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
পরে শিক্ষকদের হস্তক্ষেপে ঢাকা কলেজের শিক্ষার্থীরা টিটি কলেজ থেকে বেরিয়ে এসে সড়কে মিছিল করতে থাকে।
রাত পৌনে ১১টায় তারা সড়ক থেকে উঠে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ টি এম মঈনুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নে বলেন, “আপাতত আমরা শিক্ষার্থীদের শান্ত করেছি। কী কারণে এই ঘটনা ঘটেছে এটা পরে জানা যাবে। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।”
