২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় পুড়ল অ্যাডভেঞ্চার-৯

ঢাকা সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে নোঙ্গর করা অবস্থায় আগুন লেগে পুড়ে গেছে বরিশালের লঞ্চ ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ এর একটি অংশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 03:10 PM

Updated : 28 Apr 2022, 11:57 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, রোববার বেলা পৌনে ১১টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ নামের ওই লঞ্চটিতে আগুন লাগে।

অগ্নি নির্বাপক বাহিনীর সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

অগ্নিকাণ্ডের সময় লঞ্চে কোনো যাত্রী ছিল না। এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সদরঘাটে কর্মরত বিআইডব্লিউটিএ’র কর্মচারী আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লঞ্চটি ভোর ৪টার দিকে যাত্রী নিয়ে সদরঘাটে পৌঁছায়। যাত্রী নামানোর পর শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) মেরামতের সময় আগুন লেগে যায়।

পাশের আরেকটি লঞ্চের কর্মচারী ফারুক বলেন, দোতলার ভিআইপি কেবিনে এসি মেরামতের কাজ চলছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত আগুন লঞ্চের পেছনের অংশে ছড়িয়ে যায়।

“পন্টুনে থাকা অন্য লঞ্চগুলো তখন সরিয়ে নেওয়া হয়। আগুনে লঞ্চের তৃতীয় তলা অনেকটা এবং ছাদের দুটি কক্ষ পুড়ে গেছে।”