বঙ্গভবনে ৬ দূতের পরিচয়পত্র পেশ
বাংলাদেশে নিযুক্ত ছয় দেশের অনাবাসিক হাই কমিশনার ও রাষ্ট্রদূত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
কিরগিজস্তানের রাষ্ট্রদূত এসেইন ইসায়েভ, ফিনল্যান্ডের রাষ্ট্রদূত রিভা কোউকু রন্ডে, সিয়েরা লিওনের রাষ্ট্রদূত রশিদ সিসি, হাঙ্গেরির রাষ্ট্রদূত আন্দ্রাস লাজলো কিরালি, মাল্টার হাই কমিশনার রুবেন গুচি এবং কলম্বিয়ার রাষ্ট্রদূত মারিয়ানা পাচেও মন্তেস বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে যান।
রাষ্ট্রদূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের আলাদাভাবে গার্ড অব অনার দেয়।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি অর্থনৈতিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য তুলে ধরে বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।”
তথ্য প্রযুক্তির কারণে গোটা বিশ্ব এখন যে পরস্পর নির্ভরশীল, সে কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, “নিজ নিজ দেশের উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষয়ী সহযোগিতা অপরিহার্য।”
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং রোহিঙ্গা সমস্যার সমাধানে সম্মিলিত পদক্ষেপের ওপর জোর দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সাক্ষাৎকালে নতুন হাই কমিশনার ও রাষ্ট্রদূতরা দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সম্পর্কোন্নয়নে কাজ করবেন তারা।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
