২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনে ৯ দূতের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে নিযুক্ত নয়টি দেশের অনাবাসিক রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তাদের পরিচয়পত্র পেশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2022, 09:58 PM

Updated : 02 Aug 2022, 03:11 PM

এস্তোনিয়ার ক্যাটরিন কিভি, আয়ারল্যান্ডের ব্রেন্ডান ওয়ার্ড, রুয়ান্ডার মুকানজিরা জ্যাকুলিন, রোমানিয়ার ড্যানিয়েলা মারিয়ানা সেজোনভ-টেইন, মৌরিতানিয়ার মো. আহমেদ সালেন মো. রারা, আর্জেন্টিনার হুগো জাভিয়ের গোবি, কাজাকিস্তানের নুরলান জালগাসবায়েভ, নাইজেরিয়ার আহমেদ সুলে এবং ডমিনিকান রিপাবলিকের ডেভিড ইমানুয়েল পুইগ বুশেল বুধবার বঙ্গভবনে যান।

বঙ্গভবনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের আলাদা আলাদাভাবে গার্ড অব অনার দেয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন দূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, দায়িত্ব পালনকালে তারা বাংলাদেশের সাথে নিজ নিজ দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করবেন।

“বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল মন্ত্র 'সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়' উল্লেখ করে রাষ্ট্রপতি বলেছেন বিশ্বের সকল দেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে গুরুত্ব দেয় বাংলাদেশ।"

সাক্ষাৎকালে নতুন হাই কমিশনার ও রাষ্ট্রদূতরা দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন বলে জানান প্রেস সচিব। 

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।