২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষ্য দিলেন তিন্নির চাচা

রায়ের পর্যায় থেকে পুনরায় বিচারে ফিরে যাওয়া সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যামামলায় সাক্ষ্য দিলেন এই মডেল ও অভিনেত্রীর চাচা।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2022, 07:35 PM

Updated : 02 Aug 2022, 03:11 PM

Image
সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি

সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি

বুধবার ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায় চৌধুরীর আদালতে সাক্ষ্য দেন তিন্নির চাচা সৈয়দ রেজাউল করিম। 

তার সাক্ষ্য নেওয়ার পর আদালত আগামী ১৭ এপ্রিল পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন বলে ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর ভোলানাথ দত্ত জানিয়েছেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রপক্ষ থেকে আরও দুজনের সাক্ষ্য নিতে আদালতে আবেদন করা হয়েছে।

এ আগে গত ৫ জানুয়ারি তিন্নির বাবা সৈয়দ মাহবুব করিম সাক্ষ্য দিয়েছিলেন আদালতে।

এই মামলার একমাত্র আসামি সাবেক সংসদ সদস্য ও ছাত্রনেতা গোলাম ফারুক অভি পলাতক রয়েছেন।

২০ বছর আগের এই মামলায় গত বছরের ২৬ অক্টোবর রায়ের তারিখ ঠিক হলেও তখন তিন্নির বাবা ও চাচা সাক্ষ্য দেওয়ার আবেদন করলে পুনরায় শুনানি শুরু হয়।

সাক্ষ্য দেবেন বাবা-চাচা, ফের পেছালো তিন্নি হত্যার রায়

অভির বিরুদ্ধে মামলায় সাক্ষ্য দিলেন তিন্নির বাবা  

২০০২ সালের ১০ নভেম্বর বুড়িগঙ্গার চীন মৈত্রী সেতুর নিচ থেকে তখনকার জনপ্রিয় বিজ্ঞাপনশিল্পী তিন্নির লাশ উদ্ধার করা হয়। পরদিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন কেরানীগঞ্জ থানার তখনকার এএসআই মো. সফি উদ্দিন।

Image
গোলাম ফারুক অভি

গোলাম ফারুক অভি

এ মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এসআই মো. কাইয়ুম আলী সরদার। পরে মামলাটিকে ‘চাঞ্চল্যকর মামলা’ হিসেবে তালিকাভুক্ত করা হয় এবং ২০০২ সালের ২৪ নভেম্বর এর তদন্তভার পায় সিআইডি। তখন তদন্তের দায়িত্ব পান সিআইডির তৎকালীন পরিদর্শক ফজলুর রহমান।

এরপর সিআইডির পরিদর্শক সুজাউল হক, সহকারী পুলিশ সুপার (এএসপি) গোলাম মোস্তফা, এএসপি আরমান আলী, এএসপি কমল কৃষ্ণ ভরদ্বাজের হাত ঘুরে তদন্তের দায়িত্ব পান এএসপি মোজাম্মেল হক। তিনি ২০০৮ সালের ৮ নভেম্বর গোলাম ফারুক অভিকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।

সেখানে বলা হয়, সাবেক ছাত্রনেতা অভি ‘অনৈতিক সম্পর্ক’ চাপা দিতে তিন্নিকে খুন করেন এবং লাশ ওই সেতুর নিচে ফেলে রাখেন।

এরপর ২০১০ সালের ১৪ জুলাই পলাতক অভির বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলার বিচার শুরু হয়।

অভিযোগপত্রভুক্ত ৪১ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করে বিচারের দিন ঠিক হলেও তিন্নির বাবা ও চাচা আদালতে এসে জানান, তারা সাক্ষ্যগ্রহণের সমন পাননি, তাদের সঙ্গে কেউ যোগাযোগও করেনি।

এরপর আদালত তাদের সাক্ষ্যগ্রহণের সিদ্ধান্ত নেয়।