সাক্ষ্য দেবেন বাবা-চাচা, ফের পেছালো তিন্নি হত্যার রায়
প্রায় দুই দশক আগে ফ্যাশন মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলার রায় আবারও পিছিয়ে গেছে তার বাবা ও চাচার সাক্ষ্য দেওয়ার আবেদনে।
ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায় চৌধুরী তাদের সাক্ষ্যগ্রহণের জন্য ৫ জানুয়ারি পরবর্তী তারিখ রেখেছেন।
গত ২৬ অক্টোবর এ মামলার রায়ের দিন থাকলেও রাষ্ট্রপক্ষ নতুন করে যুক্তিতর্ক শুনানির আবেদন করলে রায় পিছিয়ে ১৫ নভেম্বর নতুন তারিখ রেখেছিলেন বিচারক।
কিন্তু সোমবার সেই নির্ধারিত তারিখে তিন্নির বাবা সৈয়দ মাহবুবুল করিম এবং চাচা সৈয়দ রেজাউল করিম আদালতে হাজির হয়ে তাদের জবানবন্দি গ্রহণের আবেদন করেন।
এ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর ভোলা নাথ দত্ত বলেন, “তিন্নির বাবার আংশিক সাক্ষ্যগ্রহণ হয়েছিল, চাচা আগে সাক্ষ্য দেননি। তারা আদালতে এসে বলেছেন তারা সাক্ষ্য দিতে চান। সেজন্য আদালত সময় দিয়েছে। ফলে রায় আজ হচ্ছে না।”
তিন্নির চাচা সৈয়দ রেজাউল করিম বলেন, “রাষ্ট্রপক্ষের আইনজীবী যে বদলে গেছে, সেটা আমরা জানতাম না। আগের পিপি আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। সাক্ষ্য দেওয়ার জন্য কোনো সমনও যায়নি। আমরা পত্রিকায় রায়ের তারিখ দেওয়ার খবর দেখে আজ আদালতে এসেছি।”
তার পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী শাহ ইলিয়াস রতনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে সোমবার তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
২০০২ সালের ১০ নভেম্বর বুড়িগঙ্গার চীন মৈত্রী সেতুর নিচ থেকে তখনকার জনপ্রিয় বিজ্ঞাপানশিল্পী তিন্নির লাশ উদ্ধার করা হয়। পরদিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন কেরানীগঞ্জ থানার তখনকার এএসআই মো. সফি উদ্দিন।
এ মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এসআই মো. কাইয়ুম আলী সরদার। পরে মামলাটিকে ‘চাঞ্চল্যকর মামলা’ হিসেবে তালিকাভুক্ত করা হয় এবং ২০০২ সালের ২৪ নভেম্বর এর তদন্তভার পায় সিআইডি। তখন তদন্তের দায়িত্ব পান সিআইডির তৎকালীন পরিদর্শক ফজলুর রহমান।
এরপর সিআইডির পরিদর্শক সুজাউল হক, সহকারী পুলিশ সুপার (এএসপি) গোলাম মোস্তফা, এএসপি আরমান আলী, এএসপি কমল কৃষ্ণ ভরদ্বাজের হাত ঘুরে তদন্তের দায়িত্ব পান এএসপি মোজাম্মেল হক। তিনি ২০০৮ সালের ৮ নভেম্বর গোলাম ফারুক অভিকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
সেখানে বলা হয়, সাবেক ছাত্রনেতা অভি ‘অনৈতিক সম্পর্ক’ চাপা দিতে তিন্নিকে খুন করেন এবং লাশ ওই সেতুর নিচে ফেলে রাখেন।
অভি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি জানিয়ে অভিযোগপত্রে বলা হয়, ১৯৯২ সালে রমনা থানায় দায়ের করা একটি অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল অভির। ওই মামলার রায়ের পর হাই কোর্ট থেকে জামিন নিয়ে পালিয়ে কানাডা চলে যান তিনি।
অভিকে ধরার জন্য ২০০৭ সালে ইন্টারপোলের রেড নোটিস জারি হয়েছিল, কিন্তু তাকে দেশে ফেরানো যায়নি।
এরশাদবিরোধী আন্দোলনের সময় গোলাম ফারুক অভি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অভি ‘অস্ত্রবাজ নেতা’ হিসেবে আলোচিত ছিলেন।
সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি
পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দিয়ে ১৯৯৬ সালের নির্বাচনে বরিশাল থেকে সাংসদ নির্বাচিত হন। পরে তিনি আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টিতে যোগ দেন এবং ২০০১ সালের নির্বাচনে পরাজিত হন। তার পরের বছরই খুন হন তিন্নি।
মামলা হওয়ার পর পুলিশ সে সময় তিন্নির স্বামী শাফাকাত হোসেন পিয়াল, এবায়দুল্লাহ ওরফে স্বপন গাজী, গাজী শরিফউল্লাহ তপন, শফিকুল ইসলাম জুয়েল ও সোমনাথ সাহা বাপ্পীকে গ্রেপ্তার করে। কিন্তু হত্যাকাণ্ডে তাদের কারো সম্পৃক্ততা না পাওয়ায় অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়। অবশ্য তাদের জবানবন্দিতেই হত্যাকাণ্ডে অভির সম্পৃক্ততা উঠে আসে। তিন্নির দুই গৃহপরিচারিকাও আদালতে জবানবন্দি দেন।
আভিযোগপত্রে বলা হয়, অভি ওই হত্যাকাণ্ডের আগে স্বামী পিয়ালের সঙ্গে তিন্নির দাম্পত্য সম্পর্কের অবসান ঘটিয়ে তাকে ‘ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্ক’ গড়ে তোলেন। কিন্তু সামাজিকভাবে প্রতিষ্ঠিত অভি তাকে কখনোই স্ত্রীর মর্যাদা দেননি, বরং বিয়ের জন্য তিন্নি চাপ দিলে ‘পরিকল্পিতভাবে’ তাকে খুন করে গড়িতে করে লাশ চীন-মৈত্রী সেতুর নিচে ফেলে রাখেন।
২০১০ সালের ১৪ জুলাই পলাতক অভির বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলার বিচার শুরুর আদেশ দেন ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ। পরের বছরগুলোতে অভিযোগপত্রভুক্ত ৪১ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
কিন্তু রায়ের পর্যায়ে এসেও তা আবার পিছিয়ে গেল।
