২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে কৃষক হত্যায় আসামির সাজা কমে যাবজ্জীবন

রাজশাহীর বাগমারা উপজেলায় কৃষক আকাবর আলী হত্যা মামলার আসামি আবু হানিফ প্রামাণিককে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2022, 06:35 PM

Updated : 02 Aug 2022, 03:11 PM

সাত বছর আগের এ হত্যাকাণ্ডের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে বুধবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি মোহাম্মদ আলীর হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়।

আবু হানিফ প্রামানিক কোনোবাড়ি গ্রামের উত্তরপাড়ার মকবুল হোসেনের ছেলে।

আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী অজি উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম।

কোন বিবেচনায় আসামির সাজা পরিবর্তন হয়েছে, জানতে চাইলে আইনজীবী অজি উল্লাহ বলেন, “ঘটনার সময় আসামির বয়স ছিল ২৮ বছর। গত ছয় বছর ধরে আসামি কনডেম সেলে আছেন। এছাড়া ঘটনার আগে তার কোনো অপরাধের রেকর্ড ছিল না। এসব বিষয় বিবেচনায় মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।”

রাজশাহীতে কৃষক হত্যায় একজনের মৃত্যুদণ্ড  

২০১৫ সালের ২০ এপ্রিল সকাল ৮টার দিকে কোদাল দিয়ে বাড়ির পাশের পুকুর পাড়ে মাটি কাটছিলেন কৃষক আকাবর আলী। এ সময় পূর্ব-শত্রুতার জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে মকবুল হোসেনের ছেলে আবু হানিফ প্রামাণিক তার ঘাড়ের ডান পাশে কোদাল দিয়ে কোপ মারেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ওই দিন বিকেলে নিহতের ছেলে রাকিবুল ইসলাম বাদী হয়ে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আবু হানিফকে গ্রেপ্তার করে।

তদন্ত শেষে ২০১৫ সালের ১৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

মামলার বিচার শেষে ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর রাজশাহীর বিভাগীয় স্পেশাল জজ ও বিশেষ দায়রা জজ আদালতের (২) বিচারক জাকিয়া পারভিন রায় ঘোষণা করেন। রায়ে আবু হানিফ প্রামানিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

পরে আইন অনুযায়ী নিম্ন আদালত থেকে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাই কোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিও উচ্চ আদালতে আপিল করেন।