২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে কৃষক হত্যায় একজনের মৃত্যুদণ্ড

রাজশাহীর বাগমারা উপজেলায় কৃষক আকাবর আলী হত্যা মামলায় এক জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2016, 07:35 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

সোমবার বিভাগীয় বিশেষ জজ মোসাম্মত বেগম জাকিয়া পারভিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আবু হানিফ প্রামানিক কোনোবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২০ এপ্রিল সকালে কোদাল দিয়ে বাড়ির পাশের পুকুর পাড়ে মাটি কাটছিলেন কৃষক আকবর আলী।

এ সময় পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে একই গ্রামের মকবুল হোসেনের ছেলে আবু হানিফ প্রামানিক ঘাড়ে কোদাল দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম জানান, এই ঘটনায় ওই দিন বিকালে নিহতের ছেলে রাকিবুল ইসলাম বাদী হয়ে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আবু হানিফকে গ্রেপ্তার করে।

তদন্ত শেষে ২০১৫ সালের ১৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।