২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভরসার ছোট ছেলেকে হত্যায় বড় ছেলের মৃত্যুদণ্ড বহাল

জাতীয় পার্টির সাবেক সাংসদ শিল্পপতি করিম উদ্দীন ভরসার এক ছেলেকে হত্যার দায়ে আরেক ছেলে কবিরুল ইসলাম ভরসাকে জজ আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2022, 03:10 PM

Updated : 02 Aug 2022, 03:11 PM

সাজা অনুমোদনের আবেদনের (ডেথ রেফারেন্স) ওপর শুনানি শেষে বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাই কোর্ট বেঞ্চ বুধবার এই রায় দেয়।

আদালতে পলাতক কবিরুলের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম।

২০০৯ সালের ২৭ এপ্রিল ছোট ভাই খায়রুল ইসলাম ভরসা ওরফে কাজলকে রাজধানীর বিজয়নগরের একটি অফিসে গুলি করে হত্যা করেন বড়ভাই কবিরুল।

হত্যাকাণ্ডের পর নিহতের শ্যালক ইমরান হোসেন বাদী হয়ে পল্টন থানায় এই মামলা দায়ের করেন। সেখানে কবিরুল ইসলাম ভরসাকেই একমাত্র আসামি করা হয়।

ঘটনার ২৩ দিনের মাথায় রাজধানীর উত্তরখানের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে কবিরুলকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। পরে জামিনে বেরিয়ে পালিয়ে যান।

ভরসার ছেলের হাতে ছেলে হত্যা পরিকল্পিত নয়: তদন্ত কর্মকর্তা  

ভাই হত্যাকারী ব্যবসায়ী কবিরুল ভরসা গ্রেপ্তার

এ মামলায় বিচার শেষে ২০১৬ সালের ১১ এপ্রিল ঢাকার চতুর্থ মহানগর দায়রা জজ আদালত কবিরকে মৃত্যুদণ্ড দেয়।

পরে নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাই কোর্টে পাঠানো হয়। তার ওপর শুনানি শেষে বুধবার রায় দিল আদালত।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামি বিচারিক আদালতের রায়ের আগে থেকেই পলাতক। ফলে দণ্ডের বিরুদ্ধে কোনো আপিল ছিল না। ডেথ রেফারেন্স গ্রহণ করে আদালত রায় দিয়েছে।”