২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাই হত্যাকারী ব্যবসায়ী কবিরুল ভরসা গ্রেপ্তার

ভাই হত্যাকারী ব্যবসায়ী কবিরুল ইসলাম ভরসাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ২৩ দিনের মাথায় বুধবার রাজধানীর উত্তরখানের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে শিল্পপতি করিমউদ্দিন ভরসার ছেলে কবিরুলকে গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি হেলাল নামে ভর্তি হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 02:48 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ভাই হত্যাকারী ব্যবসায়ী কবিরুল ইসলাম ভরসাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ২৩ দিনের মাথায় বুধবার রাজধানীর উত্তরখানের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে শিল্পপতি করিমউদ্দিন ভরসার ছেলে কবিরুলকে গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি হেলাল নামে ভর্তি হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। গত ২৭ এপ্রিল ছোট ভাই খায়রুল ইসলাম ভরসা ওরফে কাজলকে (৩০) রাজধানীর বিজয়নগরের ব্যবসায়ী অফিসে গুলি করে হত্যা করেন বড়ভাই কবিরুল। ঘটনার পর কর্মচারীরা তাকে পিস্তল হাতে অফিস থেকে বেরিয়ে যেতে দেখেছিল। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবর রহমান সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের পর থেকেই বিভিন্ন মাধ্যমে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছিল। নারায়ণগঞ্জের রূপগঞ্জের এক লোকের কাছ থেকে খবর পেয়ে পুলিশ উত্তরখানের হোপ অব লাইফ নামের এক মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে বুধবার দুপুরে কবিরুলকে গ্রেপ্তার করে। থানার হাজতখানায় কবিরুল সাংবাদিকদের বলেন, টাকা না দেওয়ার কারণে তিনি ভাই খায়রুলকে হত্যা করেছেন। বগুড়ায় একটি কোল্ডস্টোরেজ করার জন্যে ৭৫ লাখ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু পরে টাকা দিতে না চাওয়ায় তিনি খায়রুলকে হত্যা করেন। কবিরের স্বীকারোক্তি অনুযায়ী থানা কম্পাউন্ডের ভেতরে আটক রাখা তার গাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করা হয়। নিহতের শ্যালক মাহমুদ হোসেন ও তার ভাই মামলার বাদী ইমরান হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, করিমউদ্দিন ভরসা ও তার পরিবার নানাভাবে কবিরুলকে বাঁচানোর চেষ্টা করছে। এ ঘটনার কোন বিচার হোক সেটা তারা চাননা। হত্যাকাণ্ডের দিন নিহতের পিতা জাতীয় পার্টির সাবেক সাংসদ করিমউদ্দীন ভরসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ব্যবসা নিয়ে বিরোধের কারণে কবির ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২০৫৫ঘ.