ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় পার্টির সাবেক সাংসদ করিম উদ্দীন ভরসার ছেলের হাতে ছেলে হত্যার ঘটনা পূর্ব-পরিকল্পিত নয় বলে মনে করছেন মামলার তদন্ত কর্মকর্তা।
সোমবার দুপুরে খায়রুল ইসলাম ভরসা ওরফে কাজলকে (৩০) রাজধানীর বিজয়নগরে তার নিউ এইচ টোব্যাকোর কার্যালয়ে গুলি করে হত্যা করে বড়ভাই কবিরুল ইসলাম ভরসা। (আরো তথ্যসহ)
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার বলেন, "খুনের ঘটনা পরিকল্পিত নয় বলেই মনে হচ্ছে। কবিরুল মাদকাসক্ত ছিল বলে পারিবারের সদস্যরা জানিয়েছেন।
তিনি বলেন, সে পরিবারের কাছ থেকে প্রচুর টাকা নিত। সেদিনও (সোমবার) হয়তো টাকা নিতে খায়রুলের কার্যালয়ে গিয়েছিল কবিরুল। টাকা নিয়ে বিতর্কের এক পর্যায়ে সে ছোট ভাইকে গুলি করে পালিয়ে যায়।
ঘটনার সঙ্গে কারো জড়িত থাকা কিংবা কেউ ইন্ধন যুগিয়েছে কিনা, সে ব্যাপারে তদন্ত কর্মকর্তা বলেন, "এ ধরনের কোন আলামত আমরা এখনো পাইনি।"
শামসুল ইসলাম বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার বাড়িসহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।
জিজ্ঞাসাবাদের পর তার ব্যক্তিগত গাড়ি চালককে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, তবে গাড়িটি আটক রয়েছে।
হত্যাকাণ্ডের পর নিহতের শ্যালক ইমরান হোসেন বাদী হয়ে সোমবার রাতেই পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামি করা হয়েছে কবিরুল ইসলাম ভরসাকে।
তবে নিহতের স্ত্রীর পক্ষের নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বজন দাবি করেন, "এই খুনের ঘটনার সঙ্গে পরিবারের অন্য কেউ জড়িত থাকতে পারে। তাদের নয় ভাই থাকলেও কেউ মামলা পর্যন্ত করেননি।"
নিহতের পিতা উত্তরাঞ্চলের অন্যতম ব্যবসায়ী করিম উদ্দীন ভরসা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যবসা নিয়ে বিরোধের কারণে কবির ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে।"
তিনি জানান, কবিরুল তার দ্বিতীয় স্ত্রীর প্রথম আর নিহত খায়রুল তৃতীয় সন্তান।
করিম উদ্দিন ভরসার দুই স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রীর ছয় পুত্র, চার কন্যা এবং দ্বিতীয় স্ত্রীর চার পুত্র ও দুই কন্যা রয়েছে।
নিহতের স্বজনরা জানান, ভরসার অনেক ব্যবসা থাকলেও তাদের আদি তামাক ব্যাবসার নিয়ন্ত্রণ ছিল খায়রুলের হাতে। কিন্তু বিষয়টি পরিবারের অনেকের সহ্য হতো না।
এই ব্যাবসার নিয়ন্ত্রণ নিয়ে করিম উদ্দীন ভরসার বড় ছেলে সিরাজুল ইসলাম রংপুরে তার বাবার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। করিম ভরসাও ছেলের বিরুদ্ধে পাল্টা মামলা করেন।
মামলা এখনও চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এফএফ/টিআর/১৮১৮ ঘ.
bdnews24