লঞ্চডুবি: রূপসী জাহাজের ৮ জনের নামে পরোয়ানা
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এমভি রূপসী-৯ কার্গো জাহাজের আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার নৌ-আদালত।
পরোয়ানাভুক্ত আসামিরা হলেন-কার্গো জাহাজের মাস্টার রমজান আলী শেখ, মাস্টার মো. নুরুল আলম, ইনচার্জ ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. নাদিম হোসেন, লস্কর মো. সুমন হোসেন, মো. ইয়াসিন, সুকানি মো. জাহিদুল ইসলাম, গ্রিজার মো. রিয়াদ হোসেন।
মঙ্গলবার নৌ-আদালতের বিশেষ মহানগর হাকিম জয়নাব বেগম তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন বলে জানান নৌ-পরিবহন অধিদপ্তরে রাষ্ট্রপক্ষের আইনজীবী বেল্লাল হোসাইন।
এর আগে একই দিনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ বন্দরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক বাবু লাল বৈদ্য বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।
বেল্লাল হোসাইন জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করে।
গত রোববার নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে সিটি গ্রুপের মালিকানাধীন মালবাহী জাহাজ রূপসী-৯ এর ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ এমএল আফসার উদ্দিন। এ ঘটনায় বেশ কয়েকজনের লাশ উদ্ধার করা হয়্।
পালিয়ে যাওয়া জাহাজটিকে বিকালেই মুন্সীগঞ্জের গজারিয়ার একটি ডকইয়ার্ড থেকে জব্দ এবং কর্মীদের আটক করে নৌ-পুলিশ।
এ ঘটনায় সোমবার বিকালে বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক বাবুলাল বৈদ্য নারায়ণগঞ্জ বন্দর থানায় মামলা করেন।
মামলাটির বিষয়ে নৌ-পরিবহন অধিদপ্তরে আইনজীবী বেল্লাল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দর থানায় ২৮০ ধারায় করা ওই মামলাটিতে শাস্তির বিধান কম।
এই ধারায় বেপরোয়াভাবে নৌযান চালনা ও অবহেলার কারণে দুর্ঘটনায় ক্ষতি হলে, মানুষের জীবন বিপদাপন্ন হলে বা গুরুতর জখম হলে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড হতে পারে।
কিন্তু নৌ আদালতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ অধ্যাদেশের ১৯৭৬ (সংশোধনী ২০০৫) এর ৫৬(ক), ৭০ এর ১(ক) ধারায় একই অপরাধের শাস্তি অনেক বেশি বলে জানান এই আইনজীবী।
তিনি বলেন, “বন্দর থানায় মামলার কারণে ‘ডাবল জিওপার্ডি’ হবে। এবং দুটি মামলাই ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং যে কোনো একটি মামলা স্থগিত রাখতে হবে।
“যেহেতু নৌ দুর্ঘটনার বিষয়ে বিশেষ আইন অর্থাৎ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ অধ্যাদেশ রয়েছে। সে কারণে দণ্ডবিধির ওই মামলাটি স্থগিত রাখার বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত।”
আরও পড়ুন
