আফরোজা হত্যা মামলায় গাড়ি চালকের ৫ দিনের রিমান্ড
একটি বেসরকারি কোম্পানির কর্মকর্তা আফরোজা সুলতানা হত্যা মামলায় গাড়িচালক হৃদয়কে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজত পেয়েছে পুলিশ।
বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এই আদেশ দেন বলে জানান বাড্ডা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা রণপ কুমার ভক্ত।
তিনি এও জানিয়েছেন, বুধবার হৃদয়কে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হৃদয়কে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। বিচারক পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন। এ সময় আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
গেল ১৩ মার্চ রাজধানীর মধ্যবাড্ডায় আফরোজা সুলতানার (৩২) গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আফরোজা সুলতানার ছোট ভাই আব্দুল মাজিদ বাড্ডা থানায় মামলা করেন।
পুলিশ জানিয়েছে, আফরোজা সুলতানা সিমেন্ট কোম্পানি সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের এমআইএস ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। গত জানুয়ারিতে বিয়ে করে রাজধানীর উত্তরবাড্ডার একটি বাসায় উঠেছিলেন আয়ান-আফরোজা দম্পতি। আফরোজার স্বামীও একই প্রতিষ্ঠানে চাকরি করেন।
ওই বাসার সিসিটিভির ফুটেজে দেখা যায়, ১৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাড়িতে করে বাসায় ফেরেন আফরোজা। লিফট দিয়ে উঠে যান দোতলার নিজ ফ্ল্যাটে। কিছুক্ষণ পর গাড়িচালক হৃদয় বেপারী উপরে যান। প্রায় এক ঘণ্টা পর তাকে নিচে নেমে আসতে দেখা যায়। এর ১৫-২০ মিনিট পরই বাসায় ফিরে বাথরুমে স্ত্রী আফরোজার গলাকাটা মরদেহ দেখতে পান আয়ান।
মামলার বিবরণ অনুযায়ী, রাজধানীর মধ্যবাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার হওয়ার পর হৃদয় হত্যার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যে ঘটনাস্থলের পাশের নির্মাণাধীন ভবন থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়। এছাড়া হৃদয়ের বাসার পাশে এলাকা থেকে বালুর নিচে লুকিয়ে রাখা চুরি করা স্বর্ণালংকারসহ আলামত উদ্ধার করা হয়।
গ্রেফতার হৃদয় ২০০৫ সালে ড্রাইভিং শিখে বিভিন্ন জায়গায় গাড়িচালক হিসেবে কাজ করে আসছিল। সর্বশেষ ২০১৫ থেকে সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডে যোগ দেয়। অনলাইন জুয়ায় আসক্ত হৃদয়ের তিন মাসের বাসাভাড়া বাকি পড়ে।টাকা ও সোনা লুট করে অন্য জায়গায় গিয়ে ব্যবসা করার চিন্তা থেকে এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে হৃদয়।
