২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্ষণের ঘটনা বলে দিতে চাওয়ায়’ কিশোরীকে হত্যা

চট্টগ্রামের হালিশহরে এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগে তার প্রতিবেশী এক প্রৌঢ়কে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2022, 06:46 PM

Updated : 02 Aug 2022, 03:08 PM

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলছেন, ধর্ষণের ঘটনার কথা বাবাকে বলে দিতে চেয়েছিল পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়েটি। সে কারণে গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যার পর চট্টগ্রাম থেকে পালিয়ে গিয়েছিলেন আলমগীর মিয়া নামের ৪৯ বছর বয়সী ওই ব্যক্তি।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কমান্ডার আল মঈন বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও হত্যার বিষয়টি স্বীকার করেছে সে।”

গত রোববার চট্টগ্রামে ওই হত্যাকাণ্ডের পর মেয়েটির বাবা হালিশহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তদন্তে নেমে র‌্যাব মঙ্গলবার রাতে মানিকগঞ্জ থেকে আলমগীরকে গ্রেপ্তার করে।

তাকে জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব কর্মকর্তা মঈন বলেন, “আলমগীর এবং ওই মেয়েটির পরিবার হালিশহরে পাশাপাশি বাসায় থাকে। ঘটনার দিন সকালে প্রতিদিনের মতো মেয়েটি কোচিং শেষে বাসায় ফিরছিল। আলমগীর কৌশলে তাকে নিজের বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে।

“ধর্ষণ থেকে বাঁচতে আলমগীরের হাতের আঙ্গুল কামড়ে দিয়েছিল মেয়েটি। ওই ঘটনা সে তার বাবাকে জানিয়ে দেবে বলেছিল। এতে ক্ষিপ্ত হয়ে আলমগীর ওই কিশোরীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে।”

সংবাদ সম্মেলনে বলা হয়, মেয়েটির বাবা পেশায় একজন রিকশাচালক, মা পোশাক কারখানার কর্মী। সকালে তার মা কারখানায় চলে যান, বাবাও রিকশা নিয়ে বেরিয়ে যান।

দুপুরে মেয়েটির মা বাসায় খাবার খেতে এলে স্কুলের দুই সহপাঠী জানায় মেয়েটি প্রাইভেট পড়ার পর স্কুলে যায়নি।

র‌্যাব কর্মকর্তা মঈন বলেন, এরপর তারা তাকে খোঁজাখুজি শুরু করেন। কিন্তু কোথাও সন্ধান পাওয়া যায়নি।

“এদিকে প্রতিবেশী আলমগীরের স্ত্রী সেদিন দুপুরে পোশাক কারখানা থেকে খাবার খেতে বাসায় যায়নি এবং তার বাসা তালাবদ্ধ পাওয়া যায়। আলমগীরকে ফোন করলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।”

র‌্যাব জানায়, পরে ওই কিশোরীর বড় ভাই আলমগীরের বাসার ভেতরে লাইট জ্বলতে দেখে বিষয়টি বাড়ির মালিককে জানান। বাড়ির মালিক রাত সাড়ে ৯টার দিকে দরজার তালা ভেঙে ঘরে ঢুকে খাটের নিচে হাত পা বাঁধা অবস্থায় ওই কিশোরীর মরদেহ দেখতে পান।

আল মঈন বলেন, “হত্যাকাণ্ডের পর আলমগীর তার স্ত্রীকে জানায়, তার সঙ্গে এলাকার একজনের সঙ্গে মারামারি হয়েছে। এই অজুহাতে সে স্ত্রীসহ দুপুরে এলাকা ছাড়ে।”

আলমগীর আগে সাভারের একটি পোশাক কারখানায় কাজ করতেন। দুটি বিয়ে করেছে। সাভার থেকে ৩ মাস আগে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে চট্টগ্রামের হালিশহরে বসবাস শুরু করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, আলমগীরের দ্বিতীয় স্ত্রী পোশাক কারখানার কর্মী। কাজ না থাকায় আলমগীর সারাক্ষণ বাসায় থাকতেন। ঘটনার পর তিনি পালিয়ে প্রথমে ধামরাই এবং পরে সাভার, মানিকগঞ্জ ও রাজবাড়ী এলাকায় আত্মগোপন করেন।

আত্মগোপনে থাকা অবস্থায় আলমগীরের স্ত্রী তার সঙ্গেই ছিলেন এবং তার স্বামী একজনকে ধর্ষণের পর হত্যা করেছে, তা তিনি গ্রেপ্তারের পর জানতে পেরেছেন র‌্যাবের কাছে দাবি করেছেন।

আরও খবর

প্রতিবেশীর ঘরে কিশোরীর লাশ, ধর্ষণের পর হত্যা, ধারণা পুলিশের