২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবেশীর ঘরে কিশোরীর লাশ, ধর্ষণের পর হত্যা, ধারণা পুলিশের

চট্টগ্রামে প্রতিবেশীর বাসা থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ১৩ বছর বয়সী এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2022, 09:04 PM

Updated : 02 Aug 2022, 03:07 PM

নগরীর হালিশহর থানার আলী শাহ মাজার সংলগ্ন আব্বাসপাড়া থেকে রোববার রাতে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয় বলে জানান হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কিশোরীর মা পোশাক শ্রমিক ও বাবা রিকশা চালক। রোববার সবাই কাজে যাওয়ায় কিশোরীটি বাসায় একা ছিল।

“রাতে বাসায় ফিরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের বাসায় গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।”

পুলিশ কর্মকর্তা মামুন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর গলায় ওড়না প্যাঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর মূল কারণ জানা যাবে।”

তিনি জানান, ওই কিশোরীদের পাশের বাসায় আলমগীর নামে এক ব্যক্তি স্ত্রীকে নিয়ে থাকতেন। তার স্ত্রী পোশাক কারখানায় কাজ করেন। আর আলমগীর বাসায় থাকতেন।

“কিন্তু লাশ উদ্ধারের সময় তাদের ঘরে কেউ ছিল না। আলমগীর সকালে বাসায় ছিলেন। কিন্তু তিনি বাসায় তালা লাগিয়ে চলে যান। তার স্ত্রীও রাতে বাসায় ফেরেননি।”

পরিদর্শক মামুন জানান, ঘরে ফ্যান চলতে দেখে বাড়িওয়ালা পেছন দিক থেকে ঘরে ঢুকে লিজার লাশ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।