২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচ্ছন্নতাকর্মী নিতে আগ্রহ দেখালেন বুখারেস্টের মেয়র

বাংলাদেশ থেকে পরিচ্ছন্নতাকর্মীসহ দক্ষ-অদক্ষ শ্রমিক নিতে আগ্রহ দেখিয়েছেন ইউরোপের দেশ রোমানিয়ার রাজধানীর এক মেয়র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2022, 08:50 PM

Updated : 02 Aug 2022, 03:06 PM

দেশটির রাজধানী বুখারেস্টের থার্ড ডিস্ট্রিকের মেয়র রবার্ট সোরিন নেগোইটা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে আলোচনায় এই আগ্রহ দেখান।

ডিএসসির প্রধান কার্যালয় নগর ভবনে রোববার দুই মেয়রের বৈঠক হয় বলে ডিএসিসির ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান।

তিনি বলেন, মেয়র নেগোইটা বুখারেস্টে দক্ষ-অদক্ষ শ্রমিকসহ পরিচ্ছন্নতাকর্মীর চাহিদা রয়েছে বলে জানান এবং বাংলাদেশ থেকে সেই চাহিদার একাংশ পূরণের আগ্রহ ব্যক্ত করেন।

মেয়র তাপস তার আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে মেয়র তাপসের সঙ্গে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ ছিলেন।

নাছের বলেন, সফররত বুখারেস্টের মেয়র সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

এ সময় বঙ্গবন্ধু জাতীয় জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হায়দর আলী, দক্ষিণ সিটির ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মো রফিকুল ইসলাম বাবলা, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের, অঞ্চল-১ নির্বাহী মিথুন চন্দ্র শীল উপস্থিত ছিলেন।     

মেয়র তাপসের আমন্ত্রণে নেগোইটার এই সফর। শনিবার তিনি বাংলাদেশে পৌঁছান। আগামী ১৭ মার্চ তিনি ফিরে যাবেন। 

নাছের জানান, ঢাকায় অবস্থানকালে দক্ষিণ সিটি করপোরেশনের একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া ডিএসসিসির সাথে বুখারেস্টের মধ্যকার 'সিস্টার সিটি' সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে সই করবেন।