বাজেটের আগে বিড়ি শ্রমিকদের আন্দোলন ‘মালিকদের সাজানো’
প্রতিবছর বাজেট ঘোষণার ঠিক আগে কর বাড়ানো ঠেকাতে বিড়ি শ্রমিকদের যে আন্দোলন দেখা যায়, তাতে মালিকদের ইন্ধন থাকে বলে এক গবেষণায় উঠে এসেছে।
গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা পরিচালিত ‘বাংলাদেশে বিড়িশ্রমিক আন্দোলনের কারণ অনুসন্ধান: একটি গুণগত বিশ্লেষণ’ শীর্ষক গবেষণার এ ফল শনিবার সিরডাপ মিলনায়তনে প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে জাতীয় তামাকবিরোধী মঞ্চের আহ্বায়ক কাজী খলীকুজ্জমান আহমদ গবেষণার ফলের সঙ্গে একমত পোষণ করে বলেন, যে কোনো ধরনের তামাক ব্যবহার স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর।
“এটা একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ খাত। সরকারের উচিত হবে এ শিল্পকে নিরুৎসাহিত করা।”
বাংলাদেশে বিড়ি শিল্পের নিবিড়তা, শ্রমিক আন্দোলন সংঘটনের প্রবণতা এবং তীব্রতার ওপর ভিত্তি করে লালমনিরহাট, রংপুর, পাবনা ও কুষ্টিয়া জেলায় গত বছর গবেষণা কার্যক্রম পরিচালিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) সহায়তায় প্রজ্ঞা বিড়ি শ্রমিক, শ্রমিক নেতা, স্থানীয় ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংগঠন থেকে উদ্দেশ্যমূলক নমুনায়নের ভিত্তিতে মোট ৯২ জনকে এই গবেষণার জন্য নির্বাচন করে।
অনুষ্ঠানের শুরুতেই প্রজ্ঞার পক্ষে প্রকল্প প্রধান (তামাক নিয়ন্ত্রণ) হাসান শাহরিয়ার গবেষণার বিস্তারিত ফল তুলে ধরেন।
“গবেষণায় দেখা গেছে, বিড়ি শ্রমিকদের এই আন্দোলন আয়োজনের পুরো দায়িত্বে থাকে মালিক পক্ষের কিছু লোক এবং বিড়ি কোম্পানির মার্কেটিং অফিসার ও এজেন্ট। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিগুলোতে তথাকথিত শ্রমিক নেতাদের সাথে কোম্পানির লোকজনও বক্তৃতা দেয়। শ্রমিকদের কাজ শুধু রাস্তায় দাঁড়িয়ে থাকা।”
মূলত সরকারের দৃষ্টি আকর্ষণ করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিড়ি শ্রমিকদের ঢাকায় নিয়ে আসে বিড়ি কোম্পানির মালিকরা উল্লেখ করে গবেষণায় বলা হয়েছে, আন্দোলনে অংশগ্রহণের জন্য শ্রমিকদের পরিবহন, খাবারসহ সব ব্যয় মালিক পক্ষ বহন করে।
প্রজ্ঞার বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালে বিড়ি শ্রমিকদের আন্দোলনের ফলে বিড়ির ওপর বর্ধিত কর প্রত্যাহার করে নেয় জাতীয় রাজস্ব বোর্ড। ফলে এক হাজার শলাকা বিড়িতে মালিকদের আয় বৃদ্ধি পায় ২৮ টাকা। অথচ শ্রমিকদের মজুরি বাড়ানো হয় প্রতি হাজারে মাত্র ৬ টাকা।
সিটিএফকে’র বাংলাদেশের লিড পলিসি অ্যাডভাইজর মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমদ, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী ও অতিরিক্ত সচিব হোসেন আলী খোন্দকার, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) রিসার্চ ডিরেক্টর মাহফুজ কবীর, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) কান্ট্রি লিড মুহাম্মদ রূহুল কুদ্দুস, আত্মার আহ্বায়ক মর্তুজা হায়দার লিটন, প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। অনুষ্ঠান সঞ্চালনা করেন আত্মার কো-কনভেনর নাদিরা কিরণ।
