ঢাকা শহরে বিড়াল-কুকুরের হোটেল
হোটেল শব্দ শুনলে চোখের সামনে যে আবাসন চিত্র উঠে আসে, তেমন কোনো পরিবেশ নেই সেখানে। দৌড়ে বেড়াচ্ছে হিটলার নামের একটি বিড়াল, কোনো এক কক্ষ থেকে ভেসে আসছে কুকুরের শব্দ।
ঢাকার মিরপুরের চিড়িয়াখানা সড়কে দেখা মিলবে ‘ফারিঘরের’, যাকে বলা হচ্ছে দেশের প্রথম কুকুর-বিড়ালের আবাসিক হোটেল।
প্রাণীপ্রেমী যারা কাজ কিংবা ভ্রমণের জন্য ঢাকার বাইরে গেলে দ্বিধায় থাকেন পোষ্যদের ব্যাপারে, তাদের কথা বিবেচনা করে প ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল হক এমিল, নুজহাত নাবিলা, প্রবাসী খালিদ ফারহান- এই তিন তরুণ মিলে সম্প্রতি হোটেলটি তৈরি করেছেন।
সেখানে কুকুরের জন্য রয়েছে তিনটি কক্ষ, আর বিড়ালের জন্য আছে ১৪টি কেবিন।
ফারিঘরে কুকুর-বিড়ালদের জন্য একটি বিশেষ সুবিধে হল এই হোটেলে থাকা অবস্থায় প্রাণীগুলো পাবে চলাফেরার জন্য উন্মুক্ত জায়গা। সব সময় তাদের খাচায় বন্দি হয়ে থাকতে হবে না। ছবি: মাহমুদ জামান অভি
নুজহাত নাবিলা বলেন, “কুকুর, বিড়ালগুলো আলাদা আলাদা থাকে। কেউ কারও সাথে মিক্স হওয়ার সুযোগ নেই। বড় যে খেলার জায়গাটা আছে, সেখানেও একেকজনকে আলাদা আলাদা করে ছাড়ি।”
সেখানে তৈরি করা হচ্ছে একটি কফি কর্নার, যেখানে মিলবে ভেজিটেরিয়ান আইটেম আর কফি। কোনো প্রাণীর মাংস বিক্রি করা হবে না। তাছাড়া একপাশে বইও থাকবে।
স্থপতি রাকিবুল হক এমিল বলেন, “বইপ্রেমীরা এখানে বসে বই পড়তে পারবেন, কফি খেতে পারবেন। কারোর পোষা কুকুর-বিড়াল থাকলে নিয়ে আসতে পারবেন।
তবে কুকুরের জন্য আগে থেকেই রিজার্ভ করে নিতে হবে, যাতে তাকে জায়গাটা দিতে পারি। যারা কখনও এসব প্রাণীর সংস্পর্শে আসেনি, তারাও এখানে আসতে পারবেন।”
ফারিঘর প্রাণী হোটেলে কুকুরদের রাখার জন্য রয়েছে আলাদা কক্ষ। ছবি: মাহমুদ জামান অভি
এমন হোটেল তৈরির ভাবনা কোথা থেকে এলো, এ প্রশ্নের উত্তরে অন্যতম উদ্যোক্তা সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যের প্রভাষক নুজহাত নাবিলা বলেন, “যখন কাজ বা ঘোরার জন্য ঢাকার বাইরে যেতে হয়, তখন তাদের দেখার মানুষ থাকে না। কেউ কেউ বাসায় ছোট-খাটো আকারে রাখার ব্যবস্থা করে। কিন্তু সেখানেও নিরাপত্তাসহ নানা বিপত্তি আছে।
“এমনটা করা হলে আরও অনেক মানুষ কুকুর-বিড়াল অ্যাডাপ্ট করার ব্যাপারে আগ্রহী হবে। কাজের সময় কোথায় রাখবে, সেজন্য আগ্রহী হয় না। এ চিন্তাগুলো মাথায় সবসময় ছিল।”
প্রাণীদের দেখভালের জন্য সার্বক্ষণিক দুইজন কর্মী রয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরাও সিসিটিভির মাধ্যমে সবসময় খোঁজ নিয়ে থাকি। যারা তাদের রেখে যান, তারাও যখন ইচ্ছে ভিডিও কল দিয়ে দেখতে পারেন।”
তবে এখানে প্রাণীদের রাখতে হলে নিরাপত্তার জন্য জমা দিতে হবে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি। তাছাড়া ভ্যাকসিন নেওয়া থাকতে হবে কুকুর-বিড়ালদের।
ফারিঘর প্রাণীদের হোটেলটি সাজানো হয়েছে কুকুর ও বিড়াল প্রিয় মানুষদের কথা মাথায় রেখে। বানানো হচ্ছে একটি ক্যাফে, যেখানে আড্ডাও দেওয়া যাবে। ছবি: মাহমুদ জামান অভি
নুজহাত নাবিলা বলেন, “কারণ একজনের থেকে আরেকজনের কাছে ফ্লু যেতে পারে; যতই আমরা আলাদা রাখি। ফ্লু তো বাতাসের মাধ্যমে ছড়ায়।”
এছাড়া পোষ্যদের যতদিন রাখা হবে, ততদিনের জন্য নিয়ে আসতে হবে পর্যাপ্ত খাবার। সেই খাবারগুলো সংরক্ষণসহ রান্না করার ব্যবস্থাও রয়েছে এখানে।
ফারিঘরে প্রতিটি বিড়াল রাখার জন্য দিনে খরচ পরবে ৫০০ টাকা। আর কুকুরের জন্য দেড় হাজার টাকা। তবে বেশিদিন রাখলে দিনের ওপর খরচটা কমতে থাকবে। অর্থাৎ একটা বিড়াল ৫ দিন রাখলে প্রতিদিনের জন্য ৪৭০, ১০দিন রাখলে সাড়ে ৪০০, ২০দিন রাখলে ৪০০ টাকা করে দিতে হবে। কুকুরের ক্ষেত্রেও একইভাবে কমতে থাকবে।
তাছাড়া একজন ব্যক্তি একই কেবিনে রাখার জন্য একাধিক বিড়াল নিয়ে আসলে যোগ হবে ছাড়।
ফারিঘর প্রাণী হোটেলে নিজের মতো ঘুরে বেড়াচ্ছে একটি বিড়াল। তাকে এখানে রেখে যাওয়া হয়েছে কয়েক দিনের জন্য। হিটলার নামের এই বিড়ালটি নিজের বাড়ির মতো সময় পার করছে এখানে। ছবি: মাহমুদ জামান অভি
কুকুর-বিড়ালের দামের তফাতের বিষয়ে নুজহাত বলছেন, “কুকুরের জন্য একটা রুম দেওয়া। একই জায়গায় তিন-চারটি বিড়াল রাখতে পারি।”
লিটার, বিছানা, বালিশ, পিলো, সফটটয়, খাবার পাত্র, খেলার জিনিসসহ রয়েছে প্রাণীদের গান শোনানোর জন্য স্পিকাররের ব্যবস্থা। বাসার দৃশ্য দেখানোর জন্য করা হচ্ছে টিভির ব্যবস্থা, তাপনিয়ন্ত্রণের জন্য লাগানো হবে এসিও।
সামনে আরও শাখা খোলার পরিকল্পনা আছে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা।
কুকুর-বিড়ালদের আবাসিক হোটেল ফারিঘরে থাকা অবস্থায় একটি প্রাণী পাবে মানুষের হোটেলের মতো সুযোগ-সুবিধা। কুকুর ও বিড়ালের জন্য রয়েছে আলাদা কক্ষ, সময়মতো খাবার দিতে এবং দেখভালের জন্য রয়েছে কর্মী। ছবি: মাহমুদ জামান অভি
তবে প্রাণীদের নিয়ে কাজ করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হওয়ার কথাও জানান এমিল। তার কথায়, “প্রাণীদের জন্য বাসায় কিছু করতে চাইলে বাড়িওয়ালা, প্রতিবেশীদের দ্বারা বাধাগ্রস্ত হতে হয়। ক্লিনিক করতে চাইলেও ভাড়া নেওয়া সম্ভব হয় না। এ বিষয়ে কোনো পলিসি বা আইন রাষ্ট্র এখনও দিতে পারেনি আমাদেরকে।
“ফারিঘর খুলতেও আমাদেরকে চিন্তা করতে হয়েছে, কোথায় নিলে দীর্ঘদিন টিকতে পারব। সামাজিকভাবে হেয় হওয়ার ব্যাপারটা শুনতে শুনতে ভোঁতা হয়ে গেছি। তবে অনেকে আবার ইতিবাচকভাবেও দেখে।”
ফারিঘরের লাভের একটা অংশ প ফাউন্ডেশনে চলে যাবে বলে জানিয়েছেন তিনি, যেটি প্রায় সাত-আট বছর ধরে বাংলাদেশে প্রাণী কল্যাণে কাজ করছে।
