২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘে ভোট: বাংলাদেশকে কোভিড টিকা উপহার দেবে না লিথুয়ানিয়া

ইউক্রেইনে সামরিক অভিযানের কারণে রাশিয়ার নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ওঠা নিন্দা প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকার প্রতিক্রিয়ায় বাংলাদেশকে কোভিড টিকা উপহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে লিথুয়ানিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2022, 08:24 PM

Updated : 02 Aug 2022, 03:04 PM

সোমবার বাল্টিক অঞ্চলের দেশটির প্রধানমন্ত্রীর মুখপাত্র রাসা জ্যাকিলাইটিয়েনকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এলআরটি ইংলিশ এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, এই সপ্তাহের শুরুতে বাংলাদেশকে ৪ লাখ ৪৪ হাজার ৬০০ ফাইজারের করোনাভাইরাস টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

গত বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে ওঠা একটি প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে বাংলাদেশসহ ৩৫ দেশ।

১৯১ সদস্য দেশের মধ্যে ১৪১ দেশের ভোটে পাস হওয়া ওই প্রস্তাবে ইউক্রেইন থেকে অবিলম্বে সেনা প্রত্যাহারে রাশিয়ার প্রতি আহ্বানও জানানো হয়েছিল।

জাতিসংঘের ওই প্রস্তাব পাস হওয়ার আগে অনুষ্ঠিত বিতর্ক পর্বে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধি সব দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার নীতির প্রতি সমর্থন জানান এবং আহ্বান জানান সবপক্ষকে সংঘাত থেকে বিরত হওয়ার।

ভোটদানে বিরত থাকার ব্যাখ্যায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, যুদ্ধ বন্ধের আহ্বান না করে রাশিয়াকে দোষারোপ করার কারণে বাংলাদেশ জাতিসংঘের প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে।

তার ভাষ্যে, “আপনি যদি পড়েন, প্রস্তাবটা, সেটা যুদ্ধ বন্ধের জন্য আহ্বান করে নাই। সেটা হয়েছে কাউকে দোষারোপ-টোষারোপ করার জন্য। আমরা শান্তির দেশ। আমরা শান্তি চাই। কোথাও কোনো জায়গায় যুদ্ধ হোক, উই ডোন্ট লাইক ইট।”

নিন্দা প্রস্তাবের বিষয়ে নিরপেক্ষ অবস্থান নেওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ভোটদানে বিরত ছিল। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে নেপাল, মালদ্বীপ, আফগানিস্তান ও ভুটান।

চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইরান, ইরাক, ভিয়েতনামের পাশাপাশি উগান্ডাসহ আফ্রিকার বেশ কয়েকটি দেশ ভোটদানে বিরত ছিল।

ইউক্রেইনে যুদ্ধ শুরুর পর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা বলছে বাংলাদেশ সরকার। সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বানও জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।