২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর সড়কে আলাদা দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

রাজধানীর বাড্ডা, কোকোকোলা মোড় ও পোস্তগোলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2022, 08:06 PM

Updated : 28 Apr 2022, 11:48 PM

বাড্ডায় নিহত আজমীর শেখ (২৭) পেশায় একজন কাঠমিস্ত্রী, কোকাকোলায় প্রাণ হারানো সখিনা আক্তার (২৮) পরিচ্ছন্নতা কর্মী এবং পোস্তগোলায় নিহত সজীব (২০) পিকআপ চালক ছিলেন।

এদের মধ্যে সোমবার সকালেই গ্রাম থেকে ঢাকায় কাজের সন্ধানে এসেছিলেন কাঠমিস্ত্রী আজমীর।

নিহত আজমীরের চাচা হারুন শেখের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, কাঠমিস্ত্রী আজমীর গ্রামের বাড়ি পাবনা থেকে একই এলাকার হাফিজ ও টিটুর সঙ্গে কাজ করার জন্য ঢাকায় আসেন। সোমবার সকালে বাড্ডার হোসেন মার্কেটের সামনে নেমে রাস্তা পার হওয়ার সময় রামপুরামুখী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়।

“গুরুতর আহত অবস্থায় তাকে সকাল ৬টায় ঢামেকের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

নিহত আজমীর শেখ পাবনা সদর উপজেলার বাউভাঙ্গা গ্রামের কৃষক মো. খাইরুল শেখের ছেলে। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

গুলশানের কোকাকোলা মোড়ে নিহত সখিনার স্বামী আলামিন জানান, সখিনা উত্তর সিটি করপোরেশনের ঝাড়ুদার হিসেবে কাজ করেন। রোববার গভীর রাতে মোড়ে রাস্তায় ঝাড়ু দেওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

সেখান থেকে তাকে প্রথমে স্থানীয় উপশম হাসপাতালে নেওয়া হয়। এরপর রাত দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল সাড়ে ৫টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সখিনা নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বড়পাউরা গ্রামের আলামিনের স্ত্রী। দুই ছেলে এক মেয়ের জননী সখিনা নতুনবাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

অন্যদিকে সোমবার দুপুরে রাজধানীর পোস্তগোলায় কভার্ড ভ্যানের ধাক্কায় মো. সজিব (২০) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতের বন্ধু জহিরের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিহত সজীব পেশায় পিকআপ চালক। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জরুরি একটি কাজে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন।

“পোস্তগোলা ব্রিজের ঢালে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়ে সজীব গুরুতর আহত হয়।"

বিকাল ৩টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাদের তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান বাচ্চু মিয়া।